এবার রায়হান রাফিকে এক হাত নিলেন দীঘির বাবা সুব্রত

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রার্থনা ফারদিন দীঘির একটি পোস্ট শেয়ার করে মিডিয়ায় সিন্ডিকেট ও তাকে বার বার কাস্ট করেও সিনেমা থেকে বাদ দেয়ার বিষয়ে ক্ষোভ ঝাড়েন, যদিও সেই পোস্টে দীঘি কারও নাম উল্লেখ করেনি। তবে দীঘির সেই অভিযোগের বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন নির্মাতা রায়হান রাফি।

জানা গেছে, ‘সুড়ঙ্গ’ নামে একটি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন রাফি। এ ছবিতে আফরান নিশোর বিপরীতে অভিনয় করবেন তমা মির্জা। বিষয়টি সংবাদমাধ্যমে আসার কয়েকদিন পর দীঘি তার ফেসবুকে একটি পোস্ট দেন।

জানান, পেশাগত জীবনে রাজনীতির শিকার হয়েছেন। পরে জানা যায়, ‘সুড়ঙ্গ’ সিনেমায় দীঘিকে নেওয়ার আশ্বাস দিয়ে রাফি নায়িকা করেছেন তমাকে। তার ওই লেখাটির পেছনের অন্যতম কারণ এটি।

তবে দীঘির এই অভিযোগ সরাসরি নাকচ করেছেন নির্মাতা রায়হান রাফি বলেছেন, ‘দীঘি নিজেই আমার সঙ্গে কথা বলে অভিনয় করার আগ্রহ প্রকাশ করেছে। এ নিয়ে আমার সঙ্গে কথা বলেছে, আমার অফিসে এসেছে। এর মানে এই নয় যে তাকে চূড়ান্ত করা হয়েছে।’

রায়হান রাফি বলেন, একটি চরিত্রের জন্য একাধিকজনের সঙ্গে কথা হতে পারে, চূড়ান্ত একজন হবে এবং তার সঙ্গে লিখিত চুক্তি হবে। দীঘির সঙ্গে তো আমার কোনো লিখিত চুক্তি হয়নি। সে কাজ করতে চেয়েছে, অফিসে নিজের ইচ্ছাতেই এসেছে। দীঘি বলেছে আমি তাকে বাদ দিয়েছি, তাকে আমার চরিত্রের জন্য উপযুক্ত মনে হয়নি, ফলে তার সঙ্গে যোগাযোগ করিনি।

দীঘি আলোচনায় আসার জন্যই এমন করেছেন বলে মনে করেন এই নির্মাতা। তিনি আরো বলেন, আমি তো কোনো স্ক্যান্ডাল দিয়ে আলোচনায় আসিনি। আমি আলোচনায় এসেছি আমার সিনেমা দিয়ে, ‘পোড়ামন-২’ দিয়ে, ‘পরাণ’ দিয়ে, ‘দামাল’ দিয়ে। দীঘি যেটা করছে আলোচনার জন্যই করছে।

দীঘিকে পরামর্শ দিয়ে রাফি বলেন, তার উচিত টিকটক বাদ দিয়ে অভিনয়ে মনোযোগী হওয়া। ফিটনেসের দিকে মনোযোগী হওয়া। সে শুধু আমার সিনেমা থেকে বাদ পড়েছে এমন না, অন্যরা কেন তাকে সিনেমা থেকে বাদ দিল? নিশ্চয়ই তার ঘাটতি আছে।

এদিকে দীঘিকে নিয়ে পরিচালক রায়হান রাফির এমন মন্তব্য মোটেও ভালোভাবে নেননি নায়িকার বাবা অভিনেতা শাহরুখ ফারদিন সুব্রত।

সংবাদমাধ্যমকে তিনি বলেন, রাফির বিষয়ে অনেক কথা শোনা যাচ্ছে। ও যেভাবে বলে আমি তো সেভাবে বলতে পারবো না। আমার চলচ্চিত্রে ৩৯ বছরের ক্যারিয়ার। রাফির কয়দিনের ক্যারিয়ার? ওর বয়স তো ৩৯ বছর হয়নি। একটা ছবি হিট করলো পরাণ এই পর্যন্তই শেষ। এরপরে একটা ছবি করলো দামাল, সেটার কোনো খবর নাই। গত মাসে ওটিটি প্লাটফর্মে ‘নিশ্বাস’ নামের একটি কাজ করলো সেটারতো খবর নাই। ও তাহলে কেন নিজেকে লিজেন্ড বা ব্র্যান্ড বলে দাবি করছে। ব্র্যান্ড এত সহজে হওয়া যায়না। এটা বুঝতে হবে।

সুব্রত বলেন, দীঘি অনেক কষ্ট পেয়েছে। মনের অবস্থা খুব খারাপ। কারণ আমি যেটা নিতে পারবো ও সেটা নিতে পারবেনা। দীঘি কেবল মাত্র স্বপ্ন দেখতে শুরু করেছে। সেখানে একজন পরিচালকের এমন মন্তব্য অবশ্যই হতাশ করার মতো।

পরিচালক রায়হান রাফির উ্দ্দেশ্য তিনি বলেন, দীঘি যদি কিছু না জানতো তাহলে সে কেনো ডাকলো। দীঘি কিছু জানে বলেই সে ডেকেছে। নিজে ডেকে নিয়ে গিয়ে এখন নানা কথা বলছে। এটা কেমন কথা? তার কোনো সমস্যা থাকলে ভালোভাবে বলতো। এরকম করার কোনো মানে ছিলো না।

আমি চাই তার শুভ বুদ্ধির উদয় হোক। এখনো তার কিছুই হয়নি। এতেই যদি দাম্ভিকতার সৃষ্টি হয়, তাহলে ভালো কিছু করতে পারবে না। দীঘি যখন কথা বলেছে তখন সে কারও নাম বলেনি। কিন্তু রাফি নিজে থেকে এই কথাগুলো সামনে আনলো। বিষয়টা কিছুটা এরকম, ঠাকুর ঘরে কে? আমি কলা খাইনি। আমি মনে করি, আসলে সে এগুলো করেছেন আলোচনায় আসার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *