বাংলা সিনেমার জনপ্রিয় পরিচালক কাজী হায়াৎ। তার বানানো চলচ্চিত্র দিয়ে জয় করেছেন দর্শকদের হৃদয়। তবে এবার কড়া সমালোচনার শিকার তার বানানো নতুন সিনেমা ‘জয় বাংলা’। এটি তার নির্মিত ৫১তম চলচ্চিত্র।
২০২০-২১ অর্থ বছরে ‘জয় বাংলা’ সিনেমাটি নির্মাণের জন্য সরকারি অনুদান পায়। এরপর ছবির কলাকুশলীদের নিয়ে কাজ শুরু করেন এই পরিচালক। সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা বাপ্পি চৌধুরী এবং নবাগত নায়িকা জাহারা মিতু।
আগামী ১৬ ডিসেম্বর মুক্তি পেতে যাওয়া সিনেমাটির ট্রেলার রিলিজ দেয়া হয়েছে ইউটিউবে। এছাড়া সিনেমাটির পোস্টারও প্রকাশ করা হয়েছে। তবে ট্রেলার এবং পোস্টার রিলিজের পরই কঠোর সমালোচনার মুখে পড়তে হলো সিনেমাটিকে। দর্শকদের বিরূপ মন্তব্যে ভেসে গেছে ট্রেলার। যেখানে মানহীন পোস্টার এবং নির্মাণকেই দুষছেন দর্শক।
একইসঙ্গে অভিনেতা-অভিনেত্রীদের নৈপুণ্য নিয়েও হচ্ছে আলোচনা। সিনেমাটির প্রচারণা শুরু হলেও এতে অংশ নেননি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা বাপ্পি-মিতু। লেখক মুনতাসির মামুনের ‘জয় বাংলা’ উপন্যাস অবলম্বনে বানানো হয়েছে সিনেমাটি।
এবার চলচ্চিত্রটি নিয়ে সমালোচনাকারীদের এক হাত নিলেন কাজী হায়াৎ। সমালোচনাকারীদের তিনি স্বাধীনতা বিরোধী বলে মন্তব্য করেছেন।
তিনি সংবাদমাধ্যমকে জানান, ‘ছবিটিকে যারা সমালোচনা করেছেন তারা স্বাধীনতার বিপক্ষের শক্তি। ছবিটির নাম ‘জয় বাংলা’ হওয়ায় তাদের গাত্রদাহ হচ্ছে। তারা স্বাধীনতাকে মেনে নিতে পারছে না। সেজন্যই বাজে মন্তব্য করছেন। কারণ সিনেমাটি মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত হয়েছে। আফসোসের সঙ্গে বলতে হয়, এ দেশে বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত চলচ্চিত্রেরও শো বন্ধ থেকেছে দর্শক ক্ষরায়।’
তিনি আরও বলেন, “অবাক করা বিষয় হচ্ছে স্বাধীনতার ৫১ বছরে এসেও আমাদের এখানে স্বাধীনতার বিপক্ষের শক্তি তৎপরতা লক্ষণীয়। পাশাপাশি দেশের রাজনীতিতেও দুই পক্ষ সক্রিয়। একটি স্বাধীনতার পক্ষের শক্তি অন্যটি বিপক্ষের শক্তি। এটি খুবই হতাশাজনক। বর্তমানে এই গোষ্ঠীর সংখ্যা ও কার্যক্রম দুটোই বেড়েছে। তারাই ‘জয় বাংলা’ সিনেমার সমালোচনা করছেন।”
অনুদানপ্রাপ্ত এ ছবিটির প্রেক্ষাগৃহে কতোটা কী করতে পারবে—জানতে চাইলে তিনি আশার কথা শোনাতে পারলেন না। জানালেন, মুক্তির পর তা বোঝা যাবে।
