শুধু মডেলিং করেই নাটক-সিনেমার তারকাদের মতোই ভক্তদের আদর্শ হওয়া যায় তার প্রমাণ অনেক আগেই দিয়েছেন জনপ্রিয় মডেল ও অভিনেতা আদিল হোসেন নোবেল। ফুটবলের প্রতি রয়েছে তার বিশেষ আকর্ষণ। আর তাইতো চলমান ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচ দুটি গ্যালারিতে বসে উপভোগ করতে কাতার উড়াল দিয়েছেন তিনি। আর সেখানে গিয়েই দর্শকভর্তি গ্যালারিতে স্ত্রীর কাছ থেকে চমক পেয়েছেন নোবেল।
গত শনিবার (১০ ডিসেম্বর) রাতে কাতারের আল বাইত স্টেডিয়ামে ফ্রান্স ও ইংল্যান্ডের খেলা চলাকালে গ্যালারিভর্তি মানুষের সামনে ফেস্টুন উঁচিয়ে ধরে নোবেলকে আগাম জন্মদিনের শুভেচ্ছা জানান স্ত্রী শম্পা।
যেখানে লেখা ছিল, ‘কিক আপ সাম ফান, কিপ অ্যাওয়ে ফ্রম ফাউলস, ক্লিন শুটস অ্যাট দ্য গোল, হ্যাপি বার্থ ডে আদিল (নোবেলকে আদিল বলেই সম্ভোধন করেন তার স্ত্রী)।’
আগামী ২০ ডিসেম্বর নোবেলের জন্মদিন। তার আগেই স্ত্রীর কাছ থেকে এমন সারপ্রাইজ পেয়ে বেশ অভিভূত তিনি। এটি তার জীবনের সেরা স্মরণীয় ঘটনা হয়ে থাকবে বলেও জানান নোবেল।
তিনি বললেন, ‘গ্যালারিতে এভাবে জন্মদিনের শুভেচ্ছা জানানোর ব্যাপারটা আমার জন্য বিশাল সারপ্রাইজ, সঙ্গে চমৎকার কিছু কথা। জীবনে এটা সুন্দর স্মৃতি হয়ে থাকবে।’
নব্বই দশকের শুরুতে ফ্যাশন শোয়ের মাধ্যমে নোবেল বিনোদন অঙ্গনে কাজ শুরু করেন। মডেলিংয়ের পাশাপাশি নাটকের অভিনয় শুরু করেন, তবে সেটা হাতে গোনা। মডেল ও অভিনেতা নোবেল এখন বিনোদন অঙ্গনে একেবারে অনিয়মিত। তিনি এখন মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানের চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার হিসেবে কর্মরত। একেবারে ভিন্নধর্মী কিছুর প্রস্তাব পেলে তবেই ক্যামেরার সামনে দাঁড়ান তিনি।
