৯ মাস পর ডিপজলকে কাছে পেয়ে যা বললেন ইলিয়াস কাঞ্চন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে শিল্পীদের মধ্যে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলে আসছিল। সেটি গড়ায় আদালত পর্যন্তও। অবশেষে ৯ মাস পর মিটল সেই দ্বন্দ্ব।

রোববার (২৭ নভেম্বর) চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির সাধারণ সভায় নিপুণকে বরণ করে নেন জায়েদ খান সমর্থিত প্যানেলের ডিপজলসহ অন্যরা। শুধু তাই নয়, এদিন ইলিয়াস কাঞ্চনের কাছে শপথ গ্রহণ করেন নায়িকা মৌসুমী ও আলীরাজ।

এর আগে ইলিয়াস কাঞ্চন-নিপুণ পরিষদের বিজয়ীদের ডাকে বেশ কিছু কার্যনির্বাহী সভা হলেও মিশা-জায়েদ পরিষদের বিজয়ী কেউ সেখানে উপস্থিত হননি। সেই সময় তাঁরা জানিয়েছিলেন, জায়েদ খানের সঙ্গে অন্যায় হয়েছে। সুষ্ঠু বিচার না পেলে তাঁরাও পদত্যাগ করবেন। অবশেষে তাঁরাই ফিরেছেন। গতকাল তাঁদের অনেককে পেয়ে আনন্দিত শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চনসহ তাঁদের প্যানেলের সবাই।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমি এটাই চাচ্ছিলাম। তোমরা (সহকর্মীদের উদ্দেশে) সবাই জানো, কোনো দায়িত্ব নিয়ে আমি কিছু করতে চাই। কিন্তু কিছু করতে না পরলে সেই দায়িত্ব আমি কখনোই নিই না। আমার খুব কষ্ট লাগছিল, ৯ মাস পার হয়ে গেছে, যতটুকু করার কথা ছিল, ততটুকু করতে পারছিলাম না। আমার মধ্যে যন্ত্রণা কাজ করছিল। আবার একটা ক্ষোভ কাজ করছিল। আজ আমার সেই যন্ত্রণা অনেকটা লাঘব হয়েছে।’

কালকে সভায় শিল্পী সমিতির নির্বাচিত প্রায় সব সদস্য উপস্থিত ছিলেন। এবার তাঁদের সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে চান ইলিয়াস কাঞ্চন। শিল্পীদের মধ্যে আর কোনো ভেদাভেদ চান না।

একসঙ্গে এভাবে কাজ করাকে চলচ্চিত্রের জন্য ইতিবাচক উল্লেখ করে ইলিয়াস কাঞ্চন জানান, ‘সকল শিল্পী মিলে চলচ্চিত্রের জন্য কাজ করব। একটু একটু করে আমাদের সিনেমা হল ৬৫টাতে নেমেছিল, সেখান থেকে ২০০টা হচ্ছে। আমরা এখন একত্র হয়েছি। আমরা সবাই মিলে সুদিন ফিরিয়ে আনার জন্য কাজ করব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *