দুর্নীতি দমন কমিশনের (দুদক) বরখাস্ত হওয়া কর্মকর্তা শরীফ উদ্দিন পশু চিকিৎসার একটি বেসরকারি প্রতিষ্ঠানে যোগ দিচ্ছেন।
৮০ হাজার টাকা মাসিক বেতনে ‘কারিগরি সেবা ও বিপণন বিভাগের’ প্রধান হিসেবে আগামীকাল বৃহস্পতিবার ওই প্রতিষ্ঠানের ঢাকার কার্যালয়ে যোগ দেবেন।
বুধবার (১৬ নভেম্বর) শরীফ উদ্দিন এ তথ্য সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আমি ভেটেরিনারি চিকিৎসক। পড়েছিও পশুস্বাস্থ্য নিয়ে। গণমাধ্যমে খবর প্রচারিত হওয়ার পর দেশ-বিদেশের অনেক প্রতিষ্ঠান আমাকে চাকরির অফার দেয়। অনেকে চাকরির অ্যাপয়েনমেন্ট লেটারও পাঠিয়ে দেন। এখানে দুটি এয়ার লাইন্স কোম্পানির অফারও ছিল। এয়ার লাইন্স কোম্পানির অফারে মাসে বেতন ছিল দুই লাখ টাকা। আমি ওই চাকরিতে জয়েন না করার সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি বলেন, ‘চাকরির অফার আসে একটি ভেটেরিনারি মেডিসিন উৎপাদনকারী প্রতিষ্ঠানেরও। যেহেতু আমি ভেটেরিনারি চিকিৎসক। এ প্রতিষ্ঠানে যোগ দিলে আমার পুরোনো পেশায় ফেরার সুযোগ তৈরি হয়। এজন্য আমি ভেটেরিনারি ওষুধ কোম্পানিতে জয়েন করার সিদ্ধান্ত নিয়েছি। ঢাকা ও চট্টগ্রামে ওই প্রতিষ্ঠানের অফিস রয়েছে।’
প্রায় সাড়ে তিন বছর দুদকের চট্টগ্রাম সমন্বিত কার্যালয়ে কর্মরত ছিলেন শরীফ উদ্দিন। ওই সময় এনআইডি সার্ভার ব্যবহার করে রোহিঙ্গাদের বাংলাদেশি ভোটার করার অভিযোগে ২০২১ সালের জুনে নির্বাচন কমিশনের (ইসি) একজন পরিচালক, ছয় কর্মীসহ আরও ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন তিনি। মামলা দায়েরের পরপরই একই বছরের ১৬ জুন তাঁকে চট্টগ্রাম থেকে পটুয়াখালীতে বদলি করা হয়। পরে আট মাসের মাথায় চাকরি থেকেও অব্যাহতি দেওয়া হয়েছিল। দীর্ঘ নয় মাস চাকরি না থাকায় মানবেতর জীবন যাপন করেন শরীফ। পরে এক মাস ধরে চট্টগ্রামের ষোলোশহর স্টেশনের প্ল্যাটফর্মে ভাইয়ের দোকানের ক্যাশিয়ার হিসেবে বসছেন তিনি।
এ সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এর পরই আবার আলোচনার কেন্দ্রে চলে আসেন শরীফ। প্রায় ৩৫টি প্রতিষ্ঠান তাঁকে নিতে যোগাযোগ করে।
গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানিয়ে শরীফ উদ্দিন বলেন, ‘আমি চাকরি জীবনের শুরু থেকে গণমাধ্যমের সহযোগিতা পেয়েছি। এখনো গণমাধ্যম আমার পাশে এসে দাঁড়িয়েছে।’
