বাংলা সিনেমার সোনালি দিনের নায়িকা ববিতা। বর্তমানে তিনি কানাডাতে আছেন। সেখানে তার ছেলে অনীক থাকেন। সময় পেলেই তিনি সে দেশে থাকা তাঁর একমাত্র পুত্র অনিকের কাছে ছুটে যান।
অনিক সেখানে পড়াশোনা ও জব করছেন। অনিককে রেঁধে খাওয়ানো এবং তাঁকে সঙ্গে নিয়ে বেড়াতেও যান তিনি। আর যখন অনিক কাজে চলে যান তখন একাকী সময় কাটাতে ববিতা বের হয়ে পড়েন মাছ শিকার ও শপিংয়ে।
কয়েকদিন আগে গেলেন সেখানকার এক কাঁচাবাজারে। কিনলেন ক্যাপসিকামসহ কিছু সবজি। এমন একটি দৃশ্য ক্যামেরায় বন্দি হলো চোখের পলকে।
ববিতা বলেন, ‘ছেলে অনীকের সঙ্গে কানাডায় সময় কাটাচ্ছি। মা-ছেলের মধুর সময় কাটছে। ছোট্ট পরিসরে বলে বোঝাতে পারব না কতটা চমৎকার দিন পার করছি। আমার জীবনে এই দিনগুলো সত্যিই অন্যরকম। জীবন আসলেই সুন্দর।’
‘বেশ কয়েক মাস হলো কানাডায় এসেছি। মাঝে কয়েক দিন আমেরিকায় ছিলাম। ওখানে ভাইয়ের পরিবার থাকেন। তাদের সঙ্গে ভালো সময় কাটিয়ে এসেছি। জীবন মানেই তো নানা অভিজ্ঞতা, নানা কিছু দেখা। জীবনের এই সময়ে এসেও কতকিছু দেখছি,’ বলেন তিনি।
