ঢাকাই সিনেমার অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের বর্তমান সময়টা বেশ ভালো যাচ্ছে। চলতি বছর রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’ সিনেমা মুক্তির পরে রাতারাতি আলোচনায় উঠে আসেন তিনি। ত্রিভুজ প্রেমের গল্পে সাবলীল অভিনয়ের কারণে দর্শকহৃদয়ে দাগ কেটেছে তার অভিনয়। ‘পরাণ’-এর আবহ কেটে যাওয়ার আগেই আবার মুক্তি পেয়েছে তা অভিনীত ‘দামাল’ সিনেমা। সেই সিনেমাও এখন ভালো সাড়া পাচ্ছে প্রেক্ষাগৃহে।
গত ১০ নভেম্বর ছিল ঢালিউড অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের জন্মদিন। এবারের দিনটি তার জন্য একটি বেশিই স্পেশাল। কেননা বিয়ের পর এটি তার প্রথম জন্মদিন। এদিন জন্মদিনের আয়োজন করে তাকে চমকে দিয়েছেন স্বামী ও পরিবারের অন্যান্য সদস্যরা।
বিশেষ এ দিনটিতে ভক্তদের শুভেচ্ছায় ভেসেছেন নায়িকা। এছাড়া মিমকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানাচ্ছেন তার সহকর্মী তারকারাও। এদিন মিমের সঙ্গে ছবি পোস্ট করে দীর্ঘ স্ট্যাটাস দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আবদুন নূর সজল।
সজলের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-
বিদ্যা সিনহা মিম খুবই প্রিয় আর খুব পছন্দের একজন মানুষ। ওর সম্পর্কে বলতে গেলে কোথা থেকে শুরু করব আর কোথায় গিয়ে শেষ হবে তা বলা কঠিন৷ কিছু মানুষ আছে যারা সত্যিই খুব কাছের আর আপন৷ যাদের সাথে মান, অভিমান, খুনসুটি অনেক বেশি! একজন অভিনেত্রী হিসেবে সে কেমন, তা সবাই জানেন । নতুন করে কিছু বলার নেই। ‘পরাণ’ দেখবার পর মনে হয়েছে, মিমকে নিয়ে আমরা গর্ব করতে পারি।
ব্যক্তি মিম , ভীষণ বাচ্চাসুলভ আর মাভক্ত একজন মানুষ। আজকে মিম তার কর্মক্ষেত্রে যতটুকু সফল, তার পেছনে আন্টির অবদান অনেকখানি। ছায়ার মত আন্টি মিমের পাশে থেকেছেন সবসময়ই।
কিছু বন্ধুত্ব এত বেশি পরিষ্কার যে তা নিয়ে কথা বলতে গেলে ভাষা হারিয়ে ফেলি। মিমের সাথে আমার বন্ধুত্বটা সেরকমের। একটা ছোট্ট গল্প বলতে চাই।
একবার এমন হয়েছিল, আমরা শুট করছিলাম মিরপুরের একটা বাড়িতে। পাশের বাড়িতে আওয়াজ , কারো গায়ে হলুদের প্রোগ্রাম চলছে। শুটিং বন্ধ। মাথায় দুষ্ট বুদ্ধি খেলে গেল। মিমকে বললাম,’ চল, ঐ বাড়িতে যাব!’ মিম জিজ্ঞাসা করল, কেন? আমি বললাম, প্রশ্ন নয়। চল ।
অপরিচিত মানুষের বিয়ে, তবে পরিচিত গানের সুর ভেসে আসছিল সেখান থেকে৷ ইচ্ছে হচ্ছিল, যিনি গান গাইছেন তাকে দেখার।
প্রোগ্রামে আমাদেরকে দেখে পাত্রীর বাবা জিজ্ঞাসা করলেন, আপনারা এখানে? দুষ্টুমি করে বললাম, আমাদের আসলে অন্য একটা হলুদের প্রোগ্রামে আসার কথা ছিল। সম্ভবত ভুল করে চলে এসেছি। উনি আমাদেরকে আমন্ত্রণ জানিয়ে সুন্দর করে বর কনের পাশে বসালেন, ছবি তোলালেন। আপ্যায়ন ও করালেন৷ মিম বারবার বলছিল, এটা কী করলে ভাইয়া! কীভাবে করলে? এমনই অনেক দুষ্টামির গল্প আছে আমাদের।
আজকে মিমের জন্মদিন। পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকো, সুস্থ থাকো। শুভ জন্মদিন, বিদ্যা সিনহা মিম।
