‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে পা রাখেন জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। অনেক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। তবে এখন সিনেমার পাশাপাশি নতুন করে রাজনীতি শিখছেন এই নায়িকা।
বেশ কিছুদিন হলো বিয়ে করেছেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য রাকিব সরকারকে। আর বিয়ের পর নিজের নামও পরিবর্তন করে শেষে সরকার যোগ করেছেন। স্বামীর হাত ধরেই এই অভিনেত্রী এখন রাজনীতির মাঠে পা রেখেছেন।
মাহি এখন আওয়ামী লীগের পদধারী নেত্রী। ক্ষমতাসীন আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’ এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং রাজশাহী বিভাগের আহ্বায়ক হিসেবে কাজ করছেন তিনি।
এবার তিনি মাঠে নেমে করছেন জনসংযোগ। দলীয় কর্মীদের সাথে সাক্ষাত ও মতবিনিময় করেছেন তিনি। আর সেই খবর নিজের ফেসবুকে ছবিসহ শেয়ার করেছেন।
মাহি সংবাদমাধ্যমকে বলেন, ‘রাজনীতি করার শখ আমার আগে থেকেই। মানুষের জন্য কাজ আগেও করেছি, কিন্তু সেটা অল্প পরিসরে কিছু মানুষের জন্য। সাংগঠনিক উপায়ে কাজ করলে অনেক মানুষের জন্য করা যায়। এটা আরও অনেক আনন্দের।’
মাহিকে অধিকাংশ মানুষই দেখেছেন বড় পর্দায়। নিজ এলাকায় যখন স্থানীয়রা তাকে কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছেন, তখন মাহিকে মনে করছেন নিজের মানুষ। সবাই মিলে ঘিরে ধরছেন, ছবি তুলতে চাইছেন।
মাহি বলেন, ‘আমি তো তাদের কাছে মেয়ের মতো। তারা আমার কাছে আসবে, ছবি তুলতে চাইবে, সেটা স্বাভাবিক। বিষয়টি যে সব সময় উপভোগ্য হয়, সেটা বলব না। তবে এগুলোতে আমি অভ্যস্ত, ভালোই লাগে।’
রাজনীতিতে মাহিকে নানাভাবে সাহায্য করছেন তার স্বামী রকিব সরকার। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য।
মাহি বলেন, ‘কোন কাজটা কীভাবে করলে ভালো হবে, সেগুলো রকিব আমাকে শেখায়।’ সে তুলনায় অবশ্য মাহি তেমন কোনো সাহায্য করতে পারেন না রকিবকে। বলেন, ‘আমি কোনো সাহায্যই করতে পারি না। আমি যেটা করি, কোথায় সমাবেশ হবে, ওদের এক রকম টি-শার্ট লাগবে, সেটার ডিজাইনটা ঠিক করে দেই।’
