এবার গুলশান থেকে এমপি নির্বাচন করতে চাই: অভিনেতা সিদ্দিক

দর্শকপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক। নাটক তাঁর উপস্থিতি মানেই হাসি। এই অভিনেতা ২০১৮ সালের সংসদ নির্বাচনে টাঙ্গাইল ১ (মধুপুর-ধনবাড়ি) আসন থেকে আওয়ামী লীগের মনোয়নপ্রত্যাশী ছিলেন। এবার ফের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোয়নপ্রত্যাশী তিনি। তবে নিজ এলাকা নয় এবার তিনি ঢাকা-১৭ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী।

রাজধানীর গুলশান-বনানীর মতো অভিজাত এলাকা নিয়ে গঠিত এই আসনের বর্তমান সংসদ সদস্য অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুক। যিনি বিরল রোগে আক্রান্ত হয়ে এক বছরেরও বেশি সময় ধরে চিকিৎসাধীন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে। এবার সেই ‘মিয়া ভাই’ ফারুকের আসনে নির্বাচন করতে চান সিদ্দিক।

সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে এমন ইচ্ছার কথাই জানান এই ব্যবসায়ী অভিনেতা। সিদ্দিক বলেন, ‘এবার আমি ঢাকা-১৭ আসন থেকে মনোনয়নপ্রত্যাশী। এই আসনে ফারুক ভাই নির্বাচন করেছিলেন। ভিআইপি এলাকা। এখানে শিল্পীরা নির্বাচন করেন। ফারুক ভাই যেহেতু অসুস্থ, তাই আমি এই আসন থেকে নির্বাচন করতে চাই। ইতোমধ্যে তৎপরতা শুরু করেছি।’

কিন্তু হুট করে টাঙ্গাইল-১ থেকে ঢাকা-১৭ আসনের দিকে কেন নজর দিলেন সিদ্দিকুর রহমান? অভিনেতার দাবি, ‘হুট করে না। আমি এখন এই আসনের বাসিন্দা। গুলশানের মরিয়ম টাওয়ারে আমার অফিস। পাশেই আবার বাসা। বর্তমানে আমি গুলশানের বাসিন্দা। এখানেই আমার সব। এ জন্য ভেবেছি এই আসনে মনোনয়ন চাইব।’

তাহলে কি নিজের জন্মস্থান টাঙ্গাইল-১ আসনের মানুষের দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন সিদ্দিক? উত্তর হলো, না। ঢাকা-১৭ আসনের পাশাপাশি টাঙ্গাইল-১ থেকেও মনোনয়ন চাইবেন অভিনেতা। বলেন, ‘টাঙ্গাইল-১ থেকেও মনোনয়ন চাইব। আমি সবসময় সেখানকার মানুষের পাশে আছি। সেখানে নিয়মিত সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি, গণসংযোগও করছি।’

অভিনেতা জানান, নির্বাচনী কার্যক্রম নিয়ে তিনি এখন খুবই ব্যস্ত। রাজনৈতিক তৎপরতা বৃদ্ধি করেছেন। কেন্দ্রীয় পর্যায়ে চলাফেরা বাড়িয়েছেন। ঢাকার পাশাপাশি টাঙ্গাইলে যাতায়াত বাড়িয়েছেন, সেখানকার বিভিন্ন কার্যক্রমে অংশ নিচ্ছেন। নির্বাচন কার্যক্রম ছাড়া তিনি বর্তমানে অন্য কিছু করছেন না। টেলিভিশনে রাজনৈতিক টক শোতেও যাচ্ছেন নিয়মিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *