Home বিনোদন শাকিব খানের সঙ্গে কাজে ফিরে উচ্ছ্বসিত জাহারা মিতু

শাকিব খানের সঙ্গে কাজে ফিরে উচ্ছ্বসিত জাহারা মিতু

0
1230

ঢালিউড সুপারস্টার শাকিব খান যেন পরশ পাথর। তার নামেই চলে সিনেমা। অনেকে মনে করেন, তার সহশিল্পীদের কাঁধে তপ্ত নিশ্বাস ফেলার সুযোগ পায় না ব্যর্থতা। এ তারকার সিনেমায় যুক্ত হয়ে সহজেই পরিচিতি পেয়েছেন একাধিক নায়িকা। ঢাকাই সিনেমার অনেক অভিনেত্রীই তাই মুখিয়ে থাকেন তাকে কো-আর্টিস্ট হিসেবে পেতে। আজ থেকে বছর তিনেক আগে এ সুযোগ আসে অভিনেত্রী জাহারা মিতুর কাছে।

শাকিবের সঙ্গে ‘আগুন’ নামের একটি সিনেমায় যুক্ত হন মিতু। ২০১৯ সালের ৫ আগস্ট শুরু হয় ‘আগুন’ এর শুটিং। সে বছরের অক্টোবরে শেষ হয় এর দ্বিতীয় লটের কাজ। তারপর আচমকা গুটিয়ে নেওয়া হয় ক্যামেরা, নিভিয়ে দেওয়া হয় লাইট। মাঝে দু’বছর কেটে গেলেও ‘আগুন’ আর জ্বলে ওঠেনি।

একসময় কিং খানের সঙ্গে মিতু অভিনীত এই ছবি নিয়ে দেখা দেয় ঘোর অনিশ্চয়তা। অনেকের ধারণা ছিল ‘আগুন’ আর জ্বলবে না। মিতুও ছিলেন একরকম অনিশ্চয়তায়।

এদিকে সব অনিশ্চয়তা কাটিয়ে সম্প্রতি গাজীপুরের একটি রিসোর্টে চুপিসারে শুরু হয়েছে ‘আগুন’-এর শুটিং। এতে মিতুর সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন শাকিব। এতে বেশ উচ্ছ্বসিত এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যম শাকিবের সঙ্গে ছবি প্রকাশ করে সেই অনুভূতি প্রকাশ করলেন তিনি।

আজ বুধবার নিজের ফেসবুকে শাকিবের সঙ্গে ‘আগুন’-এর শুটিংয়ের ধারণকৃত একটি স্থিরচিত্র প্রকাশ করেছেন মিতু। ক্যাপশনে লিখেছেন, ‘মেয়েটির নাম সুইটি। যাকে আমি ধারণ করছি গত দুইটি বছর।’

মিতুর এক লাইনের এই ক্যাপশন থেকে বোঝা গেছে ‘আগুন’-এ তার চরিত্রের নাম সুইটি। পাশাপাশি ছবিটির জন্য যে তিনি অধীর আগ্রহে ছিলেন সেটাও স্পষ্ট হয়েছে।

ছবিটির মাধ্যমে শাকিব খানের সঙ্গে কাজের সুযোগকে বড় পাওয়া বলেও মনে করেন বলে সংবাদমাধ্যমকে জানান মিতু।

গত ৫ নভেম্বর গাজীপুরের সোহাগপল্লীতে শুরু হয় আগুনের শুটিং। সূত্র বলছে, টানা ছয় দিন চলবে আগুনের শুটিং। এর মধ্যে তিনদিন শেষ। বাকী আছে আর তিন দিনের কাজ। এরপরই সম্পাদনের টেবিলে যাবে ছবিটি। নতুন বছরের শুরুর দিকে ছবিটি মুক্তির দিনক্ষণ ঠিক করা হবে।

সিনেমাটিতে শাকিব-মিতু ছাড়া আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, আলীরাজ, সুচরিতা, সাদেক বাচ্চু, রেবেকা রউফ, আফজাল শরীফ, সুব্রত প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here