এখন দর্শকের স্বাদ পরিবর্তন হয়েছে: শ্রাবন্তী

টলিউড নায়িকা শ্রাবন্তী সিনেমায় নিয়মিত। তবে তার কাজ নিয়ে সেভাবে আলোচনা-সমালোচনা হয় না। বরং ব্যক্তিজীবন নিয়ে নেটিজেনরা তাকে নিয়ে ট্রোল করেন। সেগুলো এ নায়িকার চোখ এড়ায় না, কিন্তু তা নিয়ে মাথা ঘামাতে চান না। নিজের কাজটাই করে যেতে চান।

সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে শ্রাবন্তী বলেছেন, ‘আমার ভালো লাগে না। তারা আমাকে নিয়ে কথা বলে আনন্দ পাচ্ছেন। আমি বিনোদন জোগাচ্ছি! তা ছাড়া এইসব করে অনেকে রোজগারও করেন! বিশ্বাস করুন, আমার একটুও গায়ে লাগে না। আবার এমন অনেকেই রয়েছেন, যারা আমায় সমর্থনও করেন। সেটাও তো দেখা উচিত। আমি কাউকে জাজ করি না।’

এদিকে সিনেমায় ২৫ বছর পূর্ণ হয়েছে শ্রাবন্তীর। বাণিজ্যিক ঘরানার ছবিতে এখনও প্রথম সারিতে শ্রাবন্তী, শুভশ্রীরা। নতুন নায়িকা তৈরি হচ্ছে না কেন?

শ্রাবন্তী বলেন, আমরা এখনও নতুন প্রজন্মেরই। (হেসে) না না মজা করছি। দেখুন, সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুর পরিবর্তন হয়। এখন তো ‘ওটিটি’র যুগ। আমরা যখন শুরু করেছি, তখন প্রেক্ষাগৃহে গেলে উপচে পড়ত ভিড়। এখন মাচায় যেমনটা হয়। এখন দর্শকের স্বাদ পরিবর্তন হয়েছে। তাই সেই ভাবে ‘নায়ক-নায়িকা’র ভেদাভেদটা দিনে দিনে মুছে যাচ্ছে।

দীর্ঘ পথচলায় নিজের উপলব্ধি প্রসঙ্গে তিনি বলেন, ‘এতগুলো বছরের ক্যারিয়ার আমায় শিখিয়েছে ধৈর্য ধরতে। আর শিখেছি কোনো ব্যক্তিগত সমস্যাকে কখনও শুটিং ফ্লোরে আনা যাবে না। তাহলেই ক্যামেরা আমার মনে কী চলছে ধরে ফেলবে। নিজের সমস্যাকে গোপন করা খুব কঠিন। আবেগকে লুকিয়ে রাখা ভীষণ কঠিন।’

মা হিসেবে শ্রাবন্তীকে যখন ছেলের ক্যারিয়ার নিয়ে প্রশ্ন করা হয়, তখন তিনি জানান আগামী বছর ঝিনুক উচ্চমাধ্যমিক দেবে, আগে সেটা দিক। তারপর এসব ভাবা যাবে।

উল্লেখ্য, শ্রাবন্তী বর্তমানে নিজের নতুন সিনেমা ‘হাঙ্গামা ডট কম’-এর শুটিং নিয়ে ব্যস্ত। শ্রাবন্তীকে সর্বশেষ দেখা গেছে ‘বিক্ষোভ’ নামের একটি সিনেমায়। যেটা মুক্তি পেয়েছে বাংলাদেশে। এই সিনেমায় তার সঙ্গে আছেন শান্ত খান, রজতাভ দত্ত, অমিত হাসান, শিবা শানু প্রমুখ।

এছাড়া কলকাতায়ও কিছুদিন আগে তার একটি সিনেমা মুক্তি পায়। সেটার নাম ‘ভয় পেও না’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *