ইভ্যালিসহ ৫ ই-কমার্সকে সতর্ক করল বাণিজ্য মন্ত্রণালয়

অনুমোদন ছাড়া গিফট কার্ড বিক্রি বন্ধে ইভ্যালিসহ পাঁচ ই-কমার্স প্রতিষ্ঠানকে চিঠি দিয়ে সতর্ক করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেল।

মঙ্গলবার (৭ নভেম্বর) সন্ধ্যায় সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেলের মহাপরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান।

হাফিজুর রহমান বলেন, ‘ডিজিটাল কমার্স নীতিমালা পরিপন্থী কাজ করায় আমরা পাঁচটি প্রতিষ্ঠানকে চিঠি দিয়েছি। প্রতিষ্ঠানগুলো অনুমোদন ছাড়াই গিফট কার্ড বিক্রি করছে বলে আমরা জানতে পেরেছি। গিফট কার্ড বিক্রি বন্ধ না করলে আমরা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব বলে চিঠি দিয়ে জানিয়েছি।’

যে প্রতিষ্ঠানগুলোকে চিঠি দেওয়া হয়েছে সেগুলো হলো—ইভ্যালি, দারাজ বাংলাদেশ, ওয়ালকার্ট, মোনার্ক মার্ট এবং বাটা সু।

ডিজিটাল কমার্স সেলের উপসচিব মুহাম্মদ সাঈদ আলী স্বাক্ষরিত চিঠিগুলোতে বলা হয়, ‘ডিজিটাল গিফট কার্ডসহ সকল ডিজিটাল পণ্য যা অর্থের বিকল্প হিসেবে ব্যবহার হতে পারে তা বিক্রয় থেকে বিরত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

চিঠিতে আরও বলা হয়, ‘এ নির্দেশনা পাওয়ার পর ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা ২০২১ সহ অন্যান্য প্রযোজ্য আইন ও বিধিবিধানের পরিপন্থী কোনো কার্যক্রম অব্যাহত রাখলে আপনার প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ বিষয়ে সাঈদ আলী বলেন, ‘আমরা সোমবার ডাকযোগে পাঁচটি প্রতিষ্ঠানের কাছে চিঠি পাঠিয়েছি। আমরা দেখেছি এসব প্রতিষ্ঠান ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা পাশ কাটিয়ে অনিয়মতান্ত্রিকভাবে ডিজিটাল পণ্য বিক্রি করছে। কারও যদি গিফট কার্ডের মতো পণ্য বিক্রিতে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নেওয়া থাকে তাহলে ওয়েবসাইটসহ সংশ্লিষ্ট সব জায়গায় উল্লেখ করার নির্দেশনা দেওয়া হয়েছে চিঠিতে। নির্দেশনা না মানলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *