বর্তমান সময়ে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। খুব অল্প সময়ে নাটকে নিজের গ্ল্যামার এবং অভিনয়ের দ্যুতি ছড়িয়ে পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা। ছোট পর্দার গণ্ডি পেরিয়ে এবার নাম লেখালেন বড় পর্দায়। নিরবের সঙ্গে জুটি বেঁধে বড় পর্দায় আসছেন এই অভিনেত্রী।
সরকারি অনুদানের সিনেমার নাম ‘জয় বাংলার ধ্বনি’। এটি নির্মাণ করছেন খ. ম. খুরশীদ। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক নৌপরিবহনমন্ত্রী এবং বর্তমানে সংসদ সদস্য শাজাহান খান এই সিনেমার কাহিনী লিখেছেন।
প্রথমে এই সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন সুনেরাহ বিনতে কামাল। মহরত অনুষ্ঠানের দিনই তিনি সিনেমাটি থেকে সরে দাঁড়ান। এরপর সেই স্থানেই যুক্ত হয়েছেন চমক।
সিনেমায় যুক্ত হওয়া প্রসঙ্গে চমকের ভাষ্য, ‘আমাকে মূলত গল্পটাই টেনেছে। আমি চলচ্চিত্রে কাজ করবো, টেলিভিশনে কাজ করবো না কিংবা ওটিটিতে করবো, নাটকে করবো না- এমনটা নয়। আমি গল্পে কাজ করতে চাই। জয় বাংলার ধ্বনি- সিনেমার গল্প আমাকে আকর্ষণ করেছে, যার ফলে আমি ঢাকা থেকে দূরে পদ্মা তীরবর্তী এলাকায় কাজ করতে ছুটে এসেছি। ’
কেন গল্প টেনেছে? এ প্রসঙ্গে রুকাইয়া জাহান চমক বলেন, ‘এটি মুক্তিযুদ্ধের গল্প। এমন গল্পে কাজ করতে গেলে হৃদয় দিয়ে মুক্তিযুদ্ধকে অনুভব করা যায়। সেই সময়ের কথা ভাবলে শরীর শিহরিত হয়। ক্যামেরার সামনে হলেও একাত্তরের সময়টায় আমাকে ফিরতে হবে। তারমধ্যে আমার রাইফেল নিয়ে যুদ্ধ করার সিকোয়েন্স রয়েছে। রয়েছে আরো চ্যালেঞ্জিং শট। এটা আমার কাছে উপভোগ্য। ’
আজ থেকে ছবিটির শুটিং শুরু হয়েছে মাদারীপুরে। আগামী ৯ নভেম্বর পর্যন্ত টানা শুটিং চলবে।
২০২১-২২ অর্থবছরে সিনেমাটি ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে। এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন আসাদুজ্জামান নূর।
