তীরে এসে ডুবেছে তরী। একবার নয় শুধু, বারবার। প্রতিপক্ষ সেই ভারত। অ্যাডিলেডের ডাগআউটে তাসকিন আহমেদের চোখ ছলছল করা মুহূর্তটি এখনও তরতাজা। সেই হার নিয়ে এখনও চলছে আলোচনা সমালোচনা, ভক্ত হতে ক্রিকেটার কেউই বাদ নেই।
তাসকিন জানালেন সেই হারের পর তাদের রাতে ঘুমাতে কষ্ট হয়েছে। পেশাদারিত্বের খাতিরে এখন তাদের মনোযোগ পাকিস্তান ম্যাচে। তাদের হারিয়ে শেষটা সুন্দর করার ইচ্ছার কথা জানালেন ডানহাতি এই পেসার।
‘আসলে যে কোনও ম্যাচেই হারলে খুব খারাপ লাগে। ওইদিন রাতে ঘুমাতে আমাদের সবার কষ্ট হয়েছে, সত্যি কথা। তো ম্যাচ হেরে খারাপ লাগছে, কিন্তু এখন থেকে অনেক কিছু ইতিবাচক নেওয়ার আছে যে ভালো ক্রিকেট খেলছি, উন্নতি করছি। দোয়া করবেন যেন শেষটা ভালো করে আমরা দেশে যেতে পারি।’
শুক্রবার (৪ নভেম্বর) এভাবেই সাংবাদিকদের বলছিলেন তাসকিন।
তবে আসল লক্ষ্য পূরণ করাও সহজ বিষয় নয়। প্রতিপক্ষ হিসেবে পাকিস্তান খুবই শক্তিশালী। টুর্নামেন্ট শুরুর আগে অন্যতম ফেভারিট ভাবা হচ্ছিল তাদেরকে। তাসকিন নিজেও জানেন সেটা, ‘ওরা আমাদের থেকে এগিয়ে আছে দলগতভাবে। এটা সবাই জানে, পাকিস্তান ভালো দল আমাদের থেকে। কিন্তু আমাদের মূল লক্ষ্য হচ্ছে উন্নতি করা। আগেও বললাম, আমরা এখনো ভালো দল হয়ে যাইনি, কিন্তু হব ইনশা আল্লাহ।’
বিশ্বকাপে ৪ ম্যাচে ৮ উইকেট নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারী তাসকিন। বিশ্বকাপে পুরো পেস ডিপার্টমেন্টই দুর্দান্ত করছে। হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমানও নিয়মিত ভালো বোলিং করেছেন।
