কলকাতার ভক্তদের সুখবর দিলেন ফারিণ

ছোট পর্দার জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিণকে প্রথম বড় পর্দায় দেখার অপেক্ষার অবসান হতে চলেছে। তাঁর প্রথম চলচ্চিত্র ‘আরো এক পৃথিবী’র পোস্টার প্রকাশ পেয়েছে।

লন্ডনের বিভিন্ন জায়গায় এই ছবির শুটিং হয়েছে। আপাতত বাংলাদেশে বড় পর্দায় দর্শকরা এটি দেখতে পাবেন না। অতনু ঘোষ পরিচালিত এই চলচ্চিত্র পশ্চিমবঙ্গে মুক্তি পাবে আগামী ২ ডিসেম্বর।

কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ বিষয়টি নিশ্চিত করেছে।

বিষয়টি জানিয়েছেন তাসনিয়া ফারিণও। তিনি বলেন, ‘কলকাতায় আমার প্রথম সিনেমা “আরো এক পৃথিবী”। এই সিনেমার প্রতীক্ষা চরিত্রে অভিনয় করেছি। এটা ১১ বছরের একটা জার্নির গল্প। যেখানে আমার অভিনীত চরিত্রটি নিজের আসল পরিচয়, প্রকৃত আশ্রয় খুঁজে বেড়ায়। কিন্তু শেষ পর্যন্ত কী হয় সেটা দেখার জন্য সিনেমা মুক্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

তিনি আরও বলেন, ‘অতনু দা তার কাজের ব্যাপারে ভীষণ স্পষ্ট। তিনি সিনেমায় কী চান, কী করতে হবে, সবকিছু জানেন। সিনেমায় আমি শুধু মন দিয়ে অভিনয় করেছি। অন্যদের মতো আমিও অপেক্ষা করছি সিনেমাটি পর্দায় দেখার জন্য।’

অতনু ঘোষ পরিচালিত এই সিনেমার আরও অভিনয় করেছেন কৌশিক গাঙ্গুলী, সাহেব ভট্টাচার্য, অনিন্দিতা বোসসহ অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *