ব্যক্তিজীবনে আমি এখন একা: চাঁদনী

নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী চাঁদনী। বেশ বিরতির পর অভিনয় করেছেন ‘ফ্যামিলি ডিসট্যান্স’ নামের একটি ধারাবাহিকে। এছাড়া নাচ নিয়েও ব্যস্ত তিনি। অভিনয় নিয়ে সম্প্রতি একটি জাতীয় দৈনিকের সঙ্গে কথা বলেন তিনি। এসময় ব্যক্তিজীবন নিয়েও কথা বলেন চাঁদনী।

তিনি বলেন, ব্যক্তিজীবনে আমি এখন একা। তাই ভেবেচিন্তে পথ চলতে চাই। জীবন থেমে থাকে না। বিয়ে তো অবশ্যই করব। যদি কেউ আমার জীবনে আসে, পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা করব। সবকিছু ব্যাটে-বলে মিলে গেলে বিয়ের ঘোষণা দেব।

ধারাবাহিকে অভিনয়ে এত বিরতি নেওয়ার কারণ কী? অভিনেত্রী বলেন, ব্যক্তিগত ব্যস্ততা এবং ভালো গল্প ও চরিত্র না পাওয়ায় ধারাবাহিকে কাজ করা হয়ে ওঠেনি। ঘুরেফিরে নাটক-সিনেমায় একই গল্প চোখে পড়ছে। এ রকম কাজেও মন সায় দেয় না। অভিনয়ে দীর্ঘ বিরতি ছিল বলে অনেকে মনে করেন- আমি এখন অভিনয় করছি না কিংবা দেশের বাইরে আছি। সে জন্য নির্মাতারা আমার সঙ্গে যোগাযোগ কম করেন।

এখন কি অভিনয় ক্যারিয়ার নিয়ে নতুন করে ভাবছেন? তিনি বলেন, সবসময় সেই কাজটি করতে চেয়েছি, যা আগের কাজগুলো থেকে আলাদা। অভিনয়ে আমার বড় বিরতি ছিল। এ জন্য চেষ্টা করছি ভিন্ন ধরনের কাজের মধ্য দিয়ে আবারও দর্শকের কাছাকাছি যাওয়ার। শুধু অভিনয় নয়, নাচ নিয়েও নিরীক্ষাধর্মী কাজ করার ইচ্ছা রয়েছে।

বর্তমান ব্যস্ততা কী নিয়ে? চাঁদনী বলেন, আরটিভির জন্য নাচের একটি অনুষ্ঠান করেছি। শিগগিরই এর প্রচার শুরু হবে। নিজের নাচের স্কুলে সময় দিচ্ছি। এ ছাড়া সাত পর্বের নতুন একটি ধারাবাহিকে কাজের কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *