ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। নানান গুণে গুণান্বিত তিনি। গ্ল্যামার, মেধা আর স্মার্টনেসের কারণে অনন্য উচ্চতায় পৌঁছে গেছেন এই অভিনেত্রী। দুই বাংলায় অভিনয়ের পাশাপাশি গানেও বেশ পারদর্শী।
তবে কিছুদিন আগে টলিউডের ‘বিবাহ অভিযান-২’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে থাইল্যান্ডে যাওয়ার কথা ছিল; সেভাবেই প্রস্তুতি নিচ্ছিলেন এই নায়িকা। কিন্তু রাজনৈতিক কারণে সিনেমাটির শুটিং অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে বলে ভারতীয় গণমাধ্যম খবর প্রকাশ করেছিল।
তবে এবার সুখবর দিলেন এই নায়িকা। ‘আবার বিবাহ অভিযান’ নামের নতুন সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন। এ নিয়ে নুসরাত ফারিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আবার বিবাহ অভিযান’ নামের সিনেমার পোস্টার প্রকাশ করেছেন।
ছবির প্রথম কিস্তি নির্মাণ করেছিলেন বিরশা দাশগুপ্ত। ‘আবার বিবাহ অভিযান’ নির্মাণের দায়িত্বে থাকছেন সৌমিক হালদার। এই ছবির মাধ্যমেই চিত্রগাহক থেকে নির্মাতা হতে যাচ্ছেন তিনি। এতে নুসরাত ফারিয়ার বিপরীতে থাকছেন অঙ্কুশ। বাকি অভিনয়শিল্পীরা সব একই থাকছেন।
জানা গেছে, নভেম্বরে শুরু হবে ‘আবার বিবাহ অভিযান’-এর দৃশ্যধারণের কাজ। ছবিটির বেশিরভাগ অংশের শুটিং হবে ভারতের বাইরে। এক্ষেত্রে প্রযোজনা সংস্থা ও নির্মাতার পছন্দ থাইল্যান্ড।
সম্প্রতি ঢালিউডে মুক্তি পেয়েছে নুসরাত ফারিয়া অভিনীত ‘অপারেশন সুন্দরবন’। র্যাবের একটি দুঃসাহসিক অভিযান নিয়ে তৈরি হয়েছে ছবিটি। সুন্দরবনকে দুস্যমুক্ত করার অভিযান এটি। এতে নুসরাত ফারিয়ার বিপরীতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ।





