২০১৬ সালে রেদওয়ান রনির ‘আইসক্রিম’ সিনেমার মধ্যদিয়ে বড়পর্দায় যাত্রা শুরু শরিফুল রাজের। এরপর ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ন ডরাই’ দিয়ে তিনি তার কাজের প্রমাণ দিয়েছেন। সেই থেকে রাজের বৃহস্পতি তুঙ্গে। বর্তমানে এই অভিনেতার তিন সিনেমা ‘পরাণ’, ‘হাওয়া’ আর ‘দামাল’ কাপিয়ে বেড়াচ্ছে দেশজুড়ে।
মজার বিষয় হচ্ছে, রাজধানীর স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সিনেমাসে রাজের তিনটি সিনেমাই এখন প্রদর্শিত হচ্ছে। এর মধ্যে রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’ চলছে ১১০ দিনের বেশি সময় আর মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ চলছে ৯১ দিন ধরে। আর সবশেষ গত শুক্রবার মুক্তি পেয়েছে রায়হান রাফি ‘দামাল’ সিনেমাটি। এ সিনেমাটিও প্রশংসায় ভাসছে।
এদিকে বিয়ে, সন্তান এবং স্বামী রাজের ক্যারিয়ারে পরপর ৩টি সিনেমা দর্শক ভালোভাবে গ্রহণ করায় ভীষণ খুশি তার স্ত্রী পরীমণি। তার যেন আনন্দের সীমা নেই।
এই অভিনেত্রী বলেন, ‘রাজ হ্যাট্রিক করায় আমি খুশি। আমি অসম্ভব খুশি। বলে বোঝাতে পারব না কতটা খুশি আমি। রাজের সফলতা আমারও সফলতা।’
পরীমণি বলেন, ‘এভাবেই রাজ একটার পর একটা ভালো সিনেমা দিয়ে এ দেশের কোটি সিনেমাপ্রেমীর মন জয় করুক। সিনেমায় রাজের রাজত্ব হোক, সবার ভালোবাসায় সিক্ত হোক। এমনটাই চাওয়া মন থেকে।’
রাজ অভিনীত পরাণ ও হাওয়া প্রেক্ষাগৃহে বসে দেখেছেন পরীমণি। অপেক্ষা করছেন দামাল দেখার জন্য। পরীমনি বলেন, ‘রাজকে বলেছি, দামালের টিকিট বুকিং দিতে। দামাল দেখার জন্য মনটা ছটফট করছে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দামাল সিনেমায় রাজের অভিনয়ের প্রশংসা করছেন সবাই। অনেকে রাজকে ফোনে না পেয়ে আমাকে কল করে প্রতিক্রিয়া জানাচ্ছেন। কী যে ভালো লাগছে। এমনটাই তো চেয়েছিলাম।’
