ঢাকাই সিনেমার চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। সিনেমায় নিয়মিত অভিনয় করে যাচ্ছেন তিনি। পেয়েছেন জনপ্রিয়তা। অভিনয়ের পাশাপাশি নাচের সঙ্গেও জড়িত তিনি।
তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয়তা পাওয়া এই নায়িকার জন্মদিন ছিল গত ২৬ অক্টোবর। এদিন প্রথম প্রহর থেকেই বিভিন্ন মাধ্যমে শুভেচ্ছা পান তিনি। কাছের ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে কেক কেটে উদযাপন করেন দিনটি।
জীবনের বিশেষ দিনটি নিয়ে কথা বলার সময় দীঘি বলেন, অভিনেত্রী আনিকা কবির শখ আপুর জন্মদিন উদযাপনে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি আমারও জন্মদিনের আয়োজন করা হয়েছে। তারপর থেকে আমার সারপ্রাইজ পাওয়া শুরু। ওখান থেকে রাতে কাজিনের বাসায় যাই। সেখানেই থাকি। সেখানে কাজিনরা জন্মদিনের সব আয়োজন করে।
এই অভিনেত্রী বলেন, এ পর্যন্ত অনেকগুলো কেক কেটেছি। এবার জন্মদিনে আমার নিজেকে গিফট করার মধ্যে সবচেয়ে বড় গিফট ছিল যে, আমি চার কেজি ওজন কমিয়েছি। এর মধ্যে আবার এক কেজি ওজন বেড়ে গেছে। কেননা, ইতোমধ্যে ছয়টি কেক কেটেছি, ফ্রিজেও তিনটি রয়েছে। বার্থডে কেকময়। চাইলেও আমাকে কেউ শোকাতে দেবে না।
বর্তমানে দীঘি সরকারি অনুদানের ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আছেন। পাশাপাশি বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা করছেন।
‘কাবুলিওয়ালা’ সিনেমা দিয়ে ২০০৬ সালে দীঘি প্রথম রূপালি পর্দায় পা রাখেন। সেবারই শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ওঠে তার হাতে। এরপর ‘চাচ্চু আমার চাচ্চু’, ‘এক টাকার বউ’ সিনেমা দুটিতেও দীঘি অর্জন করেন জাতীয় পুরস্কার।
নায়িকা হিসেবে তার প্রথম সিনেমা ‘তুমি আছো তুমি নেই’। আরেকটি সিনেমা করেছেন ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’।





