সোজা কথা, শেখ হাসিনার পদত্যাগ ছাড়া নির্বাচনে যাব না: ফখরুল

এই সরকারের পতনই আজকের গণসমাবেশের প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আমাদের সোজা কথা, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আমরা কোনো নির্বাচনে যাব না। শেখ হাসিনার পদত্যাগ ছাড়া কোনো নির্বাচনে যাব না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচন কমিশন হবে। সেই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গিয়ে জাতীয় সরকার গঠন করা হবে।

শনিবার দুপুরে রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আজকের এই সমাবেশের দিকে তাকিয়ে ছিল সারা দেশের মানুষ, সারা বিশ্বের মানুষ। এই সরকারের ১৫ বছরের অভিজ্ঞতা থেকে বলছি-দেশটাকে শেষ করেছে এই বাকশাল সরকার। গরীবের বিধবা ভাতা, বয়স্ক ভাতা, উন্নয়নের নামে কালভার্ট, ব্রিজ, রাস্তা এমনকি আশ্রায়ণ প্রকল্পের ঘরের টাকাও চুরি করেছে তারা।

তিনি আরও বলেন, সবকিছু খেয়ে ফেলেছে এই বাকশালী সরকার। ছোটবেলায় মুনতাসীর মামুনের নাটক ‘মুনতাসির ফ্যান্টাসি’ দেখেছিলাম। সেখানে মূল চরিত্রে যে ছিল সে শুধুই খায়। সব খাবার শেষে কাগজ খেয়েছে। দলিল-দস্তাবেজ খেয়েছে। এমনকি টেবিল চেয়ারও খেয়েছে। এই সরকারও তেমনি সব খেয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, এর আগে ১৯৭৪ সালে শেখ মুজিবুর রহমানের শাসনামলেও দেশে দুর্ভিক্ষ হয়েছিল। মানুষ খাবার খেতে না পেরে রাস্তায় পড়েছিল। এখন আবার সেই অবস্থা ফিরে এসেছে। ১০ কেজির চাল খাওয়াতে চেয়ে আওয়ামী লীগ এখন ৯০ টাকার চাল খাওয়াচ্ছে। চিনির দামও বেড়েছে। শাকসবজিও মানুষ কিনতে পারছে না। এটা দুর্ভিক্ষের লক্ষণ।

সমাবেশের আগে বাস ধর্মঘটের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘সরকার নাকি বিরোধী দলকে ভয় পায় না। তাহলে দুই দিন আগে গাড়ি বন্ধ করেছেন কেন?’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *