বাবার কিছু হয়নি, তিনি ভালো আছেন: প্রবীর মিত্রের ছেলে

সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ করেই প্রবীণ অভিনেতা প্রবীর মিত্রের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার রাতে অনেকের টাইমলাইনে ভেসে উঠে প্রবীর মিত্র মারা গেছেন বলে খবর। কোনো সত্যতা যাচাই না করে দিতে এ নিয়ে পোস্ট দিয়েছেন অনেকে। একে অপরের দেখাদেখি।

বিষয়টি নিয়ে ভীষণ ক্ষুব্ধ, মর্মাহত ও বিব্রত প্রবীর মিত্র এবং তার পরিবারের সদস্যরা। এ বিষয়ে কোনো গুজব না ছড়ানোর অনুরোধ করেছেন তারা।

অভিনেতা প্রবীর মিত্রের ছেলে মিথুন মিত্র বলেন, ‘আমার বাবার তেমন কিছু হয়নি। তিনি ভালো আছেন। এমন গুজবে আমরা সত্যি খুব বিরক্ত।’

প্রবীর মিত্রের পুত্রবধূ সোনিয়া ইসলাম জানান, তাঁর শ্বশুর ভালো আছেন, সুস্থ আছেন। কথা বলছেন, সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছেন। তবে বার্ধক্যজনিত দুর্বলতার কারণে তিনি কিছুটা দুর্বল। তাই একান্ত জরুরি কোনো প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হন না।

প্রবীর মিত্রের তিন ছেলে ও এক মেয়ে—মিঠুন মিত্র, ফেরদৌস পারভীন, সিফাত ইসলাম ও সামিউল ইসলাম। এর মধ্যে সামিউল মারা গেছেন। প্রবীর মিত্রের স্ত্রী অজন্তা মিত্র প্রয়াত হয়েছেন ২০০০ সালে।

ঢাকাই সিনেমার একসময়ের ব্যস্ত ও গুণী এই অভিনেতা দীর্ঘ ক্যারিয়ারে চার শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং আজীবন সম্মাননা। ফিল্মম্যানখ্যাত অভিনেতা প্রবীর মিত্র একসময় ক্রিকেট খেলতেন ঢাকার প্রথম বিভাগে। এছাড়া হকিও খেলতেন তিনি। খেলা ও অভিনয় তাকে নেশার মতো পেয়ে বসে স্কুলজীবনে। এখন ঘরে বসে ক্রিকেট খেলা দেখেই দিন কাটে তার।

স্কুলে পড়ার সময়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডাকঘর’ নাটকে প্রথম অভিনয় করেন। তার আলোচিত সিনেমার মধ্যে আছে- তিতাস একটি নদীর নাম, পুত্রবধূ, নয়নের আলো, জলছবি, জয় পরাজয়, রঙিন সিরাজউদ্দৌলা, তাসের ঘর, জন্ম থেকে জ্বলছি, বড় ভালো লোক ছিল, দহন, দুই পয়সার আলতা, রাজলক্ষ্মী শ্রীকান্ত, হারানো সুর ইত্যাদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *