ঘূর্ণিঝড় সিত্রাং দক্ষিণাঞ্চলের উপকূল অতিক্রম করলেও বিভাগের সবগুলো নদীর পানি এখনো বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই ঘূর্ণিঝড়ে দেশের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে বরিশালে। যা ৫৫ বছরের রেকর্ড ভেঙেছে।
নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় প্লাবিত হয়েছে বিস্তীর্ণ নিম্নাঞ্চল, ফসলি জমি, বাড়িঘর, রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান সব কিছু। একই সঙ্গে জেলা-উপজেলা সদরের অধিকাংশ এলাকা পানিতে নিমজ্জিত। তলিয়ে আছে বরিশাল সিটি করপোরেশনের বড় একটি অংশ। ফলে ভোগান্তিতে পড়েছে মানুষ।
পানি উন্নয়ন বোর্ডের জলানুসন্ধান প্রকৌশলী মো. মাসুম জানান, এখনো বিভাগের সবগুলো নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি নেমে যেতে আরও দুই-তিন দিন সময় লাগতে পারে।
বরিশাল আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ পর্যবেক্ষক মাহফুজুর রহমান জানান, বরিশালে এক দিনে এত পরিমাণ বৃষ্টির রেকর্ড নিকট অতীতে নেই। এর আগে এক দিনে সর্বোচ্চ ২৫৮ মিলিমিটার বৃষ্টির রেকর্ডটি ছিল ১৯৬৭ সালের ১০ নভেম্বর। তার পরে চলতি বছরের সিত্রাংয়ের বৃষ্টিপাত রেকর্ড ভেঙেছে। ওইদিন বরিশালে ৩২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
