বাড়াবাড়ি করলে ঘাড় মটকে দেবো: নওফেল

নজর২৪ ডেস্ক- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনের বিরোধিতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। বিরোধিতাকারী ধর্মীয় সংগঠনটির নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘যতটুকু বলেছেন ক্ষমা চেয়ে সাবধান হয়ে যান, নয়তো ঘাড় মটকে দিতে বেশি সময় লাগবে না।’

 

শনিবার (১৪ নভেম্বর) শ্যামাপূজা উপলক্ষে চট্টগ্রাম নগরীর গোলপাহাড় মহাশ্মশান পরিচালনা পরিষদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী নওফল এসব কথা বলেন।

 

এর আগে, শুক্রবার রাজধানীর ধূপখোলা মাঠে তৌহিদি জনতা ঐক্য পরিষদের এক সমাবেশ থেকে ধোলাইপাড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতারা।

 

বিষয়টির প্রতি ইঙ্গিত করে উপমন্ত্রী নওফেল বলেন, ‘দেখলাম, একটি খুব ছোট মৌলবাদি দলের নেতা দাঁড়িয়ে মঞ্চ কাঁপাচ্ছিলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিষয়েও কথা বলছিলেন। মঞ্চ কাঁপিয়ে, ভয়-ডর সৃষ্টি করে বড় গলায় যারা কথা বলছেন, তাদের উদ্দেশে বলতে চাই- মঞ্চ বেঁশি কাঁপাবেন না। মঞ্চ বেশি কাঁপালে পায়ের নিচের মাটিও নরম হয়ে যাবে। আপনাদের হুমকিধমকি বন্ধ করুন। বাংলাদেশের মানুষ গণতন্ত্রকে শ্রদ্ধা করে। আপনারা গণতান্ত্রিক রাজনীতিতে আছেন। মৌলবাদি গোষ্ঠীও গণতান্ত্রিক পরিবেশে রাজনীতি করার অধিকার মাঝে মাঝে রাখে। কিন্তু মৌলবাদি কথা বলা, জনমনে শঙ্কা তৈরি করা, জাতীয় প্রতিষ্ঠান এবং জাতির পিতাকে নিয়ে কথা বলার ধৃষ্ঠতা যারা দেখাবে, তাদেরকে আমরা বলতে চাই- আপনারা বাড়াবাড়ি বন্ধ করুন। আওয়ামী লীগের কাছে, এদেশের মানুষের কাছে দ্বীনে ইসলাম সুরক্ষিত আছে। আপনাদের কাউকে সেই ঠিকাদারি দেওয়া হয়নি।’

 

তরুণ আওয়ামী লীগ সাংসদ নওফেল বলেন, ‘হুঁশিয়ার করে দিতে চাই- মাঠ কাঁপিয়ে, মঞ্চ কাঁপিয়ে বেশি বাড়াবাড়ি করলে পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। মৌলবাদি গোষ্ঠীর উদ্দেশে বলতে চাই- আপনারা সাবধান হয়ে যান, বাড়াবাড়ি বেশি করে ফেলেছেন। আপনাদের বাড়াবাড়ি দেখছি আর শুনছি। সরকার এবং রাষ্ট্রের ঊর্দ্ধে কেউ নয়। এই বাংলাদেশ আওয়ামী লীগ ঘাড়ে হাত রেখে বন্ধুত্বও করতে জানে, ঘাড়ে হাত রেখে ঘাড় মটকে দিতেও জানে। সুতরাং ঘাড়ে হাত দিয়ে বন্ধুত্ব করেছি বলে, সহনশীল আচরণ দেখিয়েছি বলে মনে করবেন না সেটা দুর্বলতা। দেশে হানাহানি করলে, আইনশৃঙ্খলা নষ্ট করলে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করলে ঘাড় আমরা মটকে দেব। সময় থাকতে সাবধান হয়ে যান, মৌলবাদের জায়গা এই বাংলাদেশ নয়।’

 

তিনি বলেন, ‘রাজনৈতিক কথা বলুন। কাউকে কোনও ঠিকাদারি দেওয়া হয়নি দ্বীন ইসলাম রক্ষার। সেটার দায়িত্ব মহান আল্লাহপাক রাব্বুল আলামিন সবাইকে দিয়েছেন। সুতরাং আপনারা মঞ্চ কাঁপিয়ে জাতির পিতার নামে যে কথা বলছেন—সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী যেসব কথাবার্তা বলছেন, তাদের আমরা শেষবারের মতো বলতে চাই— সহনশীল আচরণকে-গণতান্ত্রিক আচরণকে দুর্বলতা ভাববেন না। আমাদের শক্তি মাটির অনেক গভীরে। মহান আল্লাহপাক রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে শক্তিশালী করেছেন। মঞ্চ কাঁপিয়ে বেশি কথা বলা এই বাংলাদেশে আমরা সহ্য করবো না। যেখানে আছেন, যতটুকু বলেছেন, ক্ষমা চেয়ে সাবধান হয়ে যান, নয়তো ঘাড় মটকে দিতে বেশি সময় লাগবে না।’

 

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে নৈরাজ্য সৃষ্টিকারীদের সতর্ক করে দিয়ে নওফেল বলেন, ‘এই দেশে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া যেমন আমরা কেউ সহ্য করবো না, তেমনি ধর্মীয় অনুভূতিতে আঘাতের নাম করে মানুষকে হেনস্থা করাও সহ্য করবো না। দেশে আইন আছে, আদালত আছে, সরকার আছে, সেখানে না গিয়ে যারা নানা ধরনের গুজব ছড়িয়ে আমাদের জনগোষ্ঠীর মধ্যে ভীতি ও শঙ্কার পরিবেশ আনার চেষ্টা করছেন, তাদের আমরা সাবধান হয়ে যেতে বলছি। মুষ্টিমেয় মৌলবাদি গোষ্ঠীর কাছে আমরা মাথা নত করবো না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *