সৌরভ দাস খুব ভালো বন্ধু, তুই-তোকারি টাইপের: মিথিলা

কলকাতার একটি ওটিটি প্লাটফর্মের জন্য নির্মিত ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট’ এ কাজ করতে গিয়ে সেখানকার অভিনেতা সৌরভ দাসের সঙ্গে ভালো বন্ধুত্ব গড়ে ওঠেছে ঢাকার অভিনেত্রী মিথিলার। সেই বন্ধু সৌরভ সম্প্রতি ঢাকায় আসেন। এসেই মিথিলাকে ফোন। এরপর দুই বন্ধুর আড্ডা ও ঘুরাঘুরি।

মিথিলা বললেন, ‘ওকে বাসায় দাওয়াত দিয়ে যা যা খাবার রয়েছে সব রান্না করে খাইয়েছি। অবশ্য আমি রান্না করিনি। মা রান্না করেছে। আমার মা-বাবার সঙ্গেও সৌরভের বেশ ভালো খাতির। যার ফলে ওর খাতির-যত্ন ভালোভাবেই হয়েছে।’

তা কি কি পদ দিয়ে সৌরভের মেহমানদারি হলো? মিথিলার উত্তর, পোলাও, একাধিক পদের মাংস, বিভিন্ন ধরনের ভর্তা, মাছ বেশ কয়েক পদের, শুঁটকি ছিল বহু ধরনের। ওর শুঁটকি ভীষণ পছন্দের। যার ফলে শুঁটকির প্রতি ওর আগ্রহ ছিল। মা এসব যত্ন নিয়ে রান্না করেছিল।’

মিথিলা বলেন, ‘ও আমার খুব ভালো বন্ধু। তুই-তোকারি টাইপেরও। ওকে আমি বাংলাদেশের কালচার শিখিয়েছি। যার ফলে সে এসে আমাকে দোস্ত দোস্ত করে বলছিল। এটা কলকাতাতেও বলে। ওকে আমাদের অভ্যাসগুলো ভালো করে শিখিয়ে দিয়েছি।’

সৌরভ দাস ভারতের বাংলা ভাষার বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন জি বাংলার ধারাবাহিক ‘বয়েই গেলো’তে অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় অভিষিক্ত হন। এতে তিনি ধারাবাহিকের নায়ক অর্জুনের কাকাতো ছোট ভাই বীরসা বসাক চরিত্রে অভিনয় করেন।

বলিউড চলচ্চিত্রে তাঁর আত্মপ্রকাশ হয়, ওনির রচিত-পরিচালিত ‘কুছ ভিগে আলফাজ্জ’ ছবিটির মাধ্যমে। তিনি অঞ্জন দত্ত, অরিন্দম শীল, বীরসা দাশগুপ্ত, কমলেশ্বর মুখোপাধ্যায় ও রাজ চক্রবর্তীর মতো প্রশংসিত বাংলা চলচ্চিত্র পরিচালকদের সাথে কাজ করেছেন। জি বাংলা সিনেমার চলচ্চিত্র ‘চোরে চোরে মাসতুতো ভাই’-এ প্লেব্যাক গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন।

‘মন্টু পাইলট’ ওয়েব সিরিজে কাজ করতে গিয়ে সৌরভের সঙ্গে বেশ ভালো বন্ধুত্ব গড়ে ওঠে মিথিলার। এই বন্ধুত্বের নমুনা কলকাতা ছাড়িয়ে এবার ঢাকাতেও দেখা গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *