ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা। অভিনয়ের বাইরে একমাত্র ছেলে শুদ্ধ স্বরবর্ণকে নিয়ে সময় কাটান তিনি। পাশাপাশি মাঝে মাঝে ব্যক্তিজীবন নিয়ে কথা বলতে দেখা যায় তাকে।
এই অভিনেত্রী আপাতত সিঙ্গেল লাইফ পার করছেন। ২০১৫ সালে নির্মাতা মুরাদ পারভেজের সঙ্গে বিচ্ছেদের পর একমাত্র ছেলেকে নিয়ে সিঙ্গেল মাদার হিসেবেই রয়েছেন।
ছেলে শুদ্ধ স্বরবর্ণ’র আজ জন্মদিন। ২০১৪ সালের ১৮ অক্টোবর রাজধানী ঢাকার ইবনে সিনা হাসপাতালে সফল অস্ত্রোপচারের মাধ্যমে তাকে জন্ম দেন সাবা।
গত আট বছর ধরে ছেলেকে নিয়েই জীবন কাটাচ্ছেন সাবা। ছেলের জন্মদিনে দুটি ছবি দিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন এই অভিনেত্রী। স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো:
“শুদ্ধ স্বরবর্ণ। যার জন্ম হওয়াটাই তার মায়ের জন্য একটা যুদ্ধ। কি রকম যুদ্ধ সেটা বলার এখনও সময় হয়নি, বলবো একদিন সবকিছু এক এক করে!
শুধু এতটুকু বলতে পারি স্বরবর্ণ কখনও তার মাকে হেরে যেতে দেয়নি। স্বরবর্ণ নিজেও জানে না কত জীবনীশক্তি নিয়ে সে পৃথিবীতে এসেছে যে মা ঠিক করেছে “আর সহ্য করা নয়..এবার ঘুরে দাঁড়াতে হবে”।
মায়ের পরিবার ছাড়া বাকিরা বলেছে “এ আর এমন কি.. ছেলেরা একটু এমন করেই”, তাদেরকে পিছনে ফেলে স্বরবর্ণর মা আজ আবারও স্বাধীন!
স্বরবর্ণর মা আগেও নিজেকে নিজে পরিচালনা করতো, আজও করে মাথা উঁচু করে। সেখানে কেউ এতটুকু সহায়তা করতে আসে না। স্বরবর্ণ তার “বাবা” (স্পার্ম ডোনার?) কে ছবি দেখলে মামা ডাকে, কারণ বাসায় সবাইকে (স্বরবর্ণর নানি, নানা, মামা কে) স্বরবর্ণর মা কঠোরভাবে বলেছিল কেউ যেন ওর বাবাকে নিয়ে ওর সামনে কটুক্তি না করে।
যেহেতু “তার” কোনো প্রশংসা বাক্য নাই এবং সে কখনও আপন সন্তানকে দেখতেও চায় না, তাই স্বরবর্ণ এই জায়গাটা শূন্যস্থান নিয়েই বড় হয়েছে।
আমার বাবা আমাদের ছেড়ে চলে যাওয়ার পরে আমার এক গুরুজন বলেছিলেন- “আপনি স্বরবর্ণকে দেখে রাখুন, আপনি এই বয়সে এসে বাবাকে হারালেন আর আপনার ছেলে বাবা ছাড়াই বড় হচ্ছে, ওর দিকটা দেখুন” বুকটা তখন হাহাকার করে উঠেছিল। আমি আমার ছেলের “বাবা” আর আমার মা আর ভাই ওর “মা”।
আমরা একটা সুখী পরিবার। আমার আর আমার পরিবারকে যদি কেউ কখনও অবহেলাটাও করে তবে আমি তাদের ছায়াও মারাতে চাই না। অনেক প্রতিকূল অবস্থায় আমার স্বরবর্ণকে “পিছুটান” মনে হয়নি, মনে হয়েছে স্বরবর্ণ একটা “শক্তি”। আমাদের সবার “শক্তি”। শুভ জন্মদিন শুদ্ধ স্বরবর্ণ।”
