দীর্ঘদিন বিরতি দিয়ে আবারও লাইট ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। সিনেমার নাম ‘আহারে জীবন’। সরকারি অনুদানে নির্মিত এই সিনেমাটি নির্মাণ করছেন ছটকু আহমেদ।
সিনেমার প্রথম পর্যায়ের শুটিং শুরু হয়েছে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে। চলবে টানা কয়েক দিন।
প্রথম ও দ্বিতীয় দিনের শুটিংয়ে অংশ নিয়েছেন পূর্ণিমা, সুচরিতা, জয় চৌধুরী, মৌমিতা মৌসহ আরও অনেকে। এর মাধ্যমে বিয়ের পর প্রথমবারের মতো ক্যামেরার সামনে দাঁড়ালেন পূর্ণিমা।
অভিনয় প্রসঙ্গে পূর্ণিমা বলেন, এ সিনেমার গল্প শুনে ভালো লেগেছে। তা ছাড়া ছটকু ভাই অভিজ্ঞ একজন নির্মাতা। তার নির্মিত সালমান শাহকে নিয়ে সত্যের মৃত্যু নেই, বুকের ভেতর আগুন সিনেমা দুটি দর্শকপ্রিয়।
তিনি আরও বলেন, এমন গুণী পরিচালকের সিনেমাতে কাজ করতে যাচ্ছি, এটা ভালোলাগার বিষয়। আর আমার বন্ধু ফেরদৌসও আছে এ সিনেমায়। ইতোমধ্যে সূচরিতা ম্যাডামও যুক্ত হয়েছেন। সব মিলিয়ে আশা করছি একটি ভালো সিনেমাই হবে।
জয় চৌধুরী বলেন, ‘গতকাল থেকে শুটিং শুরু হয়েছে। এখানে আমি একজন কলেজ স্টুডেন্টের চরিত্রে অভিনয় করছি। আমার বিপরীতে রয়েছেন মৌমিতা মৌ। সত্যি বলতে এই চলচ্চিত্রে আমরা কেউ নায়ক নায়িকা নই! গল্প নিজেই মূল নায়ক-নায়িকা, আমরা শুধু চরিত্রগুলো প্লে করছি। বাস্তবধর্মী একটি ঘটনাকে কেন্দ্র করে গড়ে উঠেছে গল্পের মূল প্রেক্ষাপট।’





