ছোটবেলা থেকেই সংস্কৃতির সঙ্গে বড় হয়েছেন সাবিলা নূর। প্রথমে নাচের সঙ্গে জড়িয়ে এরপর মডেলিং ও অভিনয় নিয়ে বর্তমান সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তিনি। নাচ, গান ও অভিনয় নিয়েই তার বর্তমান পথচলা। তবে জীবনের মোড় বদলে যায় বিয়ের পর।
এই অভিনেত্রী জানালেন, বিয়ের পরে ভাগ্য খুলেছে তার। সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি বলেন, আলহামদুলিল্লাহ, বিয়ের পরে খুবই ভালো সময় যাচ্ছে। আমি মনে করি আমার ক্যারিয়ারে বিয়ের পরে ভালো ভালো কাজ করার আরও বেশি সুযোগ পেয়েছি।
ক্যারিয়ারে এই এগিয়ে যাওয়ার পেছনে প্রথমেই নিজের পরিবারের মা-বাবা, স্বামী ও শ্বশুর বাড়ির সদস্যদের সাপোর্ট পেয়েছেন বলেও জানান সাবিলা নূর। তিনি বলেন, তাদের এই সাপোর্ট যেন সব সময় থাকে, সেই দোয়াও চান।
তিনি আরও বলেন, বিয়ের আগে আমার মা সব সময় সাপোর্ট দিতো আমাকে। আমার শুটিংয়ে আসতো মা, সারাদিন বসে থাকতো। এতে অনেক কষ্ট হতো তার। এছাড়া আমার বোনও অনেক সহায়তা করে কাজে। আর আমার স্বামী সমানভাবে সাপোর্ট দেয় আমাকে। এটা আসলে বড় একটা আশীর্বাদ আমার জন্য। আশা করব এটা যেন সব সময় থাকে।
উল্লেখ্য, দীর্ঘদিন প্রেমের পরে ২০১৯ সালের ৭ ডিসেম্বর প্রেমিক নেহাল সুনন্দ তাহেরকে বিয়ে করেন সাবিলা নূর। তার স্বামী বেসরকারি একটি টিভি চ্যানেলের ব্রডকাস্ট প্রকৌশলী। শুরুতে বন্ধুত্ব থাকলেও একসময় দুজনে একসঙ্গে পথচলার সিদ্ধান্ত নেন।
