কয়েকদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে নির্মাতা সানী সানোয়ারের একটি ছবি প্রকাশ পায়। সেই ছবি দেখে অনেকেই বুঝতে পারেন পোস্টার বয় এবার মিশন এক্সট্রিমের নির্মাতার নির্দেশনায় ক্যামেরার সামনে দাঁড়াতে যাচ্ছেন। তবে এ বিষয়ে তখন মুখ খুলেননি শাকিব।
অন্যদিকে সংবাদমাধ্যমকে সানী সানোয়ার কিছুটা ইঙ্গিত দিলেও ঝেড়ে কাশেননি। জানিয়েছিলেন সব গুছিয়ে তবেই ঘোষণা দেবেন। তবে সেই অপেক্ষা করতে হলো না। নায়ক ও নির্মাতা মুখ খোলার আগেই জানা গেল ছবিটির নামসহ অন্যান্য তথ্য।
সানী সানোয়ারের পরিচালনায় ‘শের খান’ নামের একটি ছবিতে অভিনয় করবেন শাকিব। ছবিটি নির্মিত হবে শাকিবের প্রযোজনা সংস্থা এসকে ফিল্মস এবং সানীর কপ ক্রিয়েশনের ব্যানারে। দুই প্রযোজনা সংস্থার সূত্রের মাধ্যমে জানা গেছে এ তথ্য।
সূত্র আরও জানিয়েছে, এরইমধ্যে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে এই নামে নিবন্ধন নিয়েছেন কপ ক্রিয়েশনের কর্ণধার সানী সানোয়ার।
অন্য একটি সূত্র মারফত জানা গেছে, শিগগিরই এই ছবির শুটিংয়ে অংশ নেবেন শাকিব। চলতি মাসে টিজার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করা হবে সিনেমাটির।
অন্যদিকে, রায়হান রাফির ‘প্রেমিক’ সিনেমার শুট নভেম্বরের শেষে শুরু করার কথা জানিয়েছেন পরিচালক। আর শাকিব খান সবশেষ কাজ শেষ করেছেন তপু খানের ‘লিডার : আমিই বাংলাদেশ’ সিনেমার।
এসকে ফিল্মস থেকে তিন বছর আগে চারটি সিনেমা নির্মাণের ঘোষণা দেন শাকিব খান। এগুলো হচ্ছে কাজী হায়াতের ‘বীর’, বদিউল আলম খোকনের ‘ফাইটার’, মালেক আফসারীর ‘পাসওয়ার্ড ২’ ও হিমেল আশরাফের ‘প্রিয়তমা’। এর মধ্যে একমাত্র ‘বীর’ মুক্তি পেয়েছে।
এ অবস্থায় সম্প্রতি তিনি নতুন করে আরও সাতটি ছবির ঘোষণা দিয়েছেন। এখন দেখার বিষয় এর মধ্যে কয়টি ছবি শেষ পর্যন্ত আলোর মুখ দেখে।
