গ্রামের বাড়িতে মসজিদ নির্মাণ করছেন এক সময়ের রূপালী পর্দার জনপ্রিয় খলনায়ক আহমেদ শরীফ। মসজিদের নাম দিয়েছেন ‘আহমেদিয়া জামে মসজিদ’। শুক্রবার (১৪ অক্টোবর) মসজিদের উদ্বোধন করেন আহমেদ শরীফ।
সেখানে তিনি বলেন, আজকে আমার জন্য খুব খুশির দিন। আমি চিন্তা করেছিলাম একটা মসজিদ আমি কি করে করবো, আমার ধারনাই ছিলো না আমি পারবো। আমার ভাইদের অক্লান্ত পরিশ্রম এবং সকলের দোয়ার কারণেই এই মসজিদ করতে পেরেছি।
আহমেদ শরীফ বলেন, এই মসজিদের টানে আমি দেশে চার বার এসেছি সুদুর আমেরিকা থেকে। ওখানে আমার ঘুম হয় না, আমি ঘুমাতে পারিনা, যে আমার মসজিদের কি হলো? কখন পাবো। কিভাবে শুরু করব, কবে আমার ভাইয়েরা নামাজ পড়বে আমি দেখে যেতে পারবো, আজ সেই দিন, আমি দেখেছি আমার গ্রামের প্রিয় মুসল্লি ভাইয়েরা এখানে নামাজ আদায় করছে।
তিনি আরও বলেন, আমি আজকে একটা সত্য কথা বলছি। ৭০ বছর বয়সে এসে আমি কোরআন সম্পর্কে বুঝতে পেরেছি। আমি স্বীকার করছি এতদিন আমি কিছুই বুঝতে পারিনি। এখন আমি বাংলা কোরআন পরে বুঝতে পেরেছি।
তিনি সকলের কাছে অনুরোধ করে বলেন, আপনারা প্রত্যকে বাংলা কোরআন শরিফ পড়ুন। সেখানে সুন্দর করে দেওয়া আছে, কি করলে আল্লাহ তায়ালা খুশি হবেন। সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া চান আহমেদ শরিফ।
প্রসঙ্গত, প্রায় আট শতাধিক বাংলা সিনেমায় দাপটের সঙ্গে অভিনয় করেছেন সফল এই খলনায়ক। ব্যক্তিজীবনে স্ত্রী মেহরুন আহমেদের সঙ্গে সুখের দাম্পত্যে এক কন্যার বাবা তিনি। বর্তমানে শারীরিকভাবে সুস্থ আছেন আহমেদ শরিফ। বয়স বাড়ার কারণে ডায়াবেটিস ও হাই-প্রেসার আছে, কন্ট্রোল করে চলতে হয়। নিয়মিত ওষুধ খান। এ ছাড়া বিশেষ কোনো অসুবিধা নেই তার।
বর্তমানে তিনি বসবাস করছেন নিউইয়র্কে। সম্প্রতি দেশে এসেছেন এই খলনায়ক।
