কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, দেশে ভালোবাসা, মানবতা নেই। তাই অনশন করে জীবন নষ্ট করার দরকার নেই। দেশে দ্রব্যমূল্যের যে অবস্থা তাতে শ্রমিকের মজুরি ২৫ হাজার নয়, ৫০ হাজার টাকা হলেও আপত্তি থাকা উচিত নয়।
শুক্রবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা করার দাবিতে শ্রমিক অধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
কাদের সিদ্দিকী বলেন, আমরা পাকিস্তানের ২২ পরিবারের বিরুদ্ধে যুদ্ধ করেছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেই ২২ পরিবারের বিপরীতে বাংলাদেশে ১০ হাজার পরিবার তৈরি হয়েছে। আমরা তার কোনো প্রতিকার করতে পারছি না।
তিনি বলেন, চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ কেন ৪০ হলেও আপত্তি থাকার কথা নয়। পৃথিবীর বহু দেশে চাকরির কোনো বয়সসীমা নেই। আমাদের ছাত্ররা ৩৫ বছর চাইছে, কিন্তু তা করা হয়নি। করোনার অজুহাতে ৩৯ মাস বাড়ানো হয়েছে। প্রকৃতপক্ষে হিসাব করে দেখা যায়, তা মাত্র সাত থেকে আট মাস। এটা সরকারের এক প্রকার শুভঙ্করের ফাঁকি।
কাদের সিদ্দিকী বলেন, সরকার প্রধানকে বলব আপনি বঙ্গবন্ধুর কন্যা হিসেবে বঙ্গবন্ধুর মতো কাজ করেন। গায়ের জোরে চললে হবে না। আজ দেশের অবস্থা সবচেয়ে খারাপ। এই খারাপ অবস্থা অতিক্রম করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেন, আমাদের দাবি শ্রমিকের মজুরি ২৫ হাজার টাকা করতে হবে। সরকারকে শ্রমিকের মজুরি ২৫ হাজার টাকা বাস্তবায়ন করতে অনুরোধ করছি।
