সাম্প্রতিক সময়ে বেশি কিছু নাটকে জুটি হয়ে দর্শকের কাছে বেশ গ্রহণযোগ্যতা পেয়েছেন নাটকের প্রিয়মুখ তানিয়া বৃষ্টি ও আরশ খান।
এদিকে শোবিজে কান পাতলেই শোনা যাচ্ছে এই দুই তারকার প্রেম-বিয়ের গুঞ্জন। দীর্ঘদিন ধরেই তারা গোপন প্রণয় চালিয়ে যাচ্ছেন। বিয়ে করেছেন বলেও খবর চাউর হয়েছে।
তবে বেশ কিছু ঘনিষ্ঠ সূত্রে খোঁজ নিতে গিয়ে জানা গেল, বিয়ে এখনো হয়নি তাদের। তবে পারিবারিক আয়োজনেই তারা বিয়ের পিঁড়িতে বসবেন।
সূত্রগুলোর দাবি, নাটকে জুটি হয়ে কাজ করতে গিয়েই প্রেমে জড়ান এই দুই তারকা৷ তাদের সম্পর্ক শোবিজে ওপেন সিক্রেট৷ লুকোচুরি পর্ব শেষ করে তারা দাম্পত্য জীবন শুরু করবেন বলে মানসিকভাবে প্রস্তুত।
এতদিন নিজেদের সম্পর্ক নিয়ে নিরবতা পালন করেছেন তানিয়া-আরশ দুজনই। তবে সম্প্রতি তানিয়া ও আরশ দুজনই প্রেমের বিষয়টি স্বীকার করে বলেন পারিবারিকভাবেই বিয়ে করতে যাচ্ছেন তারা।
দুই তারকা বলেন, ‘আমাদের মধ্যে একটি সম্পর্ক রয়েছে এটা সত্যি৷ আমাদের এই সম্পর্কের ব্যাপারে দুজনের পরিবারই অবগত। একটা পরিণতির দিকে যাবো আমরা পারিবারিকভাবেই। বর্তমানে অভিনয়ের ব্যস্ততা যাচ্ছে৷ তাই আরও কিছুদিন সময় নিতে চাই।’
