এবার নতুন মিশনে নামছেন আরিফিন শুভ

ঢালিউডে সুঠামদেহী অভিনয়শিল্পী হিসেবে সুনাম আছে আরিফিন শুভর। তার পেটানো স্বাস্থ্যে মুগ্ধ অনেকেই। এবার স্বাস্থ্য নিয়েই নতুন এক মিশনে নেমেছেন এই অভিনেতা। শরীরের ওজন কমাচ্ছেন তিনি।

এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত সিনেমাটিতে কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছেন শুভ। এই ছবি করতে গিয়ে ওজন বাড়াতে হয় তাকে।

সম্প্রতি নতুন একটি সিনেমায় যুক্ত হয়েছেন শুভ। এবার সেই ছবির প্রয়োজনে শরীর থেকে ঝেড়ে ফেলতে হচ্ছে বাড়তি মেদ। তবে কোন সিনেমার জন্য শুরু করেছেন নতুন এই মিশন— জানতে চাইলে মুখ খোলেননি তিনি। সময়মতো সব বলবেন বলে জানিয়েছেন।

এসময় ওজন কমানো প্রসঙ্গে শুভ বলেন, “বঙ্গবন্ধুর বায়োপিকে ঢোকার আগে ‘মিশন এক্সট্রিম’-এর শুটিং শেষ করেছিলাম। ওই ছবি যখন শেষ করি তখন আমার ওজন ছিল ৮৩ কেজি। বঙ্গবন্ধুর জীবনের শেষ অংশের সঙ্গে আমার শারীরিক গড়নের মিল আনার জন্য আমাকে ওজন বাড়াতে হয়েছিল। সে ওজন গিয়ে ঠেকে ৯৭ কেজিতে। বর্তমানে তা কমানোর প্রসেসে রয়েছি।”

ওজনের ঘন ঘন হ্রাস-বৃদ্ধিতে শরীরের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। এই প্রভাব থেকে নিজেকে সুরক্ষিত রাখতে কী করেন— জানতে চাইলে শুভ বলেন, ‘আমি প্রথম থেকে একজন ট্রেইনারের অধীনে কমানো-বাড়ানোর কাজটি করছি। এরপরও একটু আধটু তো প্রভাব পড়ে। তবে তা তো করতে হয়। না হলে তো কোনো চরিত্রকে দর্শকের কাছে বিশ্বাসযোগ্য করতে পারব না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *