অনিয়ম: গাইবান্ধা-৫ আসনে ৪৩ কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত

বিভিন্ন অনিয়মে গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে উপনির্বাচনের ৪৩টি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে।

বুধবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা ও রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

তিনি বলেন, সাঘাটা ও ফুলছড়ি উপজেলার ৪৩ কেন্দ্রে জালিয়াতির মাধ্যমে গোপন কক্ষে একজনের পরির্বতে আরেকজন ভোট দেওয়ার অভিযোগে এসব কেন্দ্রের ভোট স্থগিত রাখা হয়েছে।

এর আগে ভোটকেন্দ্র স্থগিতের প্রসঙ্গে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গণমাধ্যমকে বলেন, আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে সরাসরি পর্যবেক্ষণ করছি সিসিটিভির মাধ্যমে। আমরা এ পর্যন্ত ৩১টি কেন্দ্রের ভোটগ্রহণ কার্যক্রম বন্ধ করে দিয়েছি।

কী কারণে স্থগিত করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, এটা তো আমরা বলবো না! আমরা অনিয়ম দেখেছি, গুরুতর অনিয়ম সেই জন্য।

তিনি আরও বলেন, আমরা নির্বাচন কমিশন, স্বাধীন কমিশন। আমরা ভোটটাকে সত্যিকার অর্থে ভোট হিসেবে দেখতে চাই। কিছু অনিয়ম দেখা গেছে, ওখানে সুষ্ঠুভাবে ভোট হতে দেখা যাচ্ছে না। এতে সঠিক জনমতের প্রতিফলন হবে না। সে কারণে আমরা ওই সেন্টারগুলোকে বাতিল করে দিয়েছি।

উল্লেখ্য, গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে উপনির্বাচনে প্রথমবারের মতো ভোটগ্রহণে ইভিএম পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে মোট পাঁচজন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তাঁরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মাহমুদ হাসান (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী এইচ এম গোলাম শহীদ রঞ্জু (লাঙল), বিকল্পধারা বাংলাদেশের প্রার্থী জাহাঙ্গীর আলম (কুলা) এবং স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ (আপেল) ও সৈয়দ মাহবুবার রহমান (ট্রাক)।

গত ২৩ আগস্ট এই আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে আসনটি শূন্য হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *