লক্ষ্যটা মোটেই সহজ ছিল না। নিউজিল্যান্ডকে হারাতে হলে বাংলাদেশকে পাড়ি দিতে হতো ২০৮। এই কঠিন লক্ষ্য তাড়ায় ব্যাট হাতে লড়াই করেন সাকিব আল হাসান। কিন্তু অধিনায়কের একার লড়াই জয়ের জন্য যথেষ্ট ছিল না। নিউজিল্যান্ডের বিপক্ষে পরাজয়ের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হলো বাংলাদেশকে।
আজ বুধবার ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের কাছে ৪৮ রানে হেরেছে বাংলাদেশ। চলমান সিরিজে এই নিয়ে নিজেদের তিন ম্যাচের তিনটিতেই হারল বাংলাদেশ। প্রথম ম্যাচ হেরেছে পাকিস্তানের বিপক্ষে, পরের দুই ম্যাচে পরাজয় দেখল স্বাগতিকদের বিপক্ষে।
অন্যদিকে টানা তিন জয়ে তিন জাতির সিরিজের ফাইনালে উঠল নিউজিল্যান্ড। আর বাংলাদেশ ছিটকে গেল ফাইনালে যাওয়ার লড়াই থেকে।
আজ ২০৯ রানের লক্ষ্যে সাকিব একার লড়াইয়ে ৪৪ বলে ৭০ রান করেছেন। ১৮.২ ওভারে তাকে সাজঘরে পাঠিয়েছেন সাউদি। সাকিবের ৮টি চার ও ১ ছয়ের ইনিংসটিই প্রমাণ করে যোগ্য সঙ্গী পেলে ভালো কিছু হলেও হতে পারতো।
সাকিব আল হাসান একার লড়াইয়ে দলকে টেনে নিলেও জয়ের জন্য সেটি যথেষ্ট ছিল না। দারুণ ইনিংস খেলা সাকিবকে ফিরিয়েছেন সাউদি। তার বিদায়ে দলীয় ১৫৩ রানে পতন হয় সপ্তম উইকেটের। তার পর নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ থেমেছে ১৬০ রানে। মোসাদ্দেক ৯ রানে অপরাজিত ছিলেন, সাইফ ছিলেন ৩ রানে।
কিউই বোলারদের মধ্যে ২৪ রানে ৩ উইকেট পেসার অ্যাডাম মিলনের। ৩৬ রানে দুটি নেন টিম সাউদি। ৩৯ রানে আজকেও ২টি নিয়েছেন স্পিনার মাইকেল ব্রেসওয়েল। ম্যাচসেরা ছিলেন শেষ দিকে তাণ্ডব চালানো গ্লেন ফিলিপস।
টানা তৃতীয় হারে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের। পাকিস্তান ও নিউ জিল্যান্ড খেলবে শুক্রবারের ফাইনাল। বাংলাদেশ বৃহস্পতিবার সকালে লিগ পর্বের শেষ ম্যাচ খেলবে পাকিস্তানের সঙ্গে।
চার ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিউ জিল্যান্ডের। তিন ম্যাচে ৪ পয়েন্ট পাকিস্তানের এবং বাংলাদেশ সমান খেলে কোনও পয়েন্ট পায়নি।
