আমার সিনেমা দেখতে দর্শক আগ্রহ নিয়ে বসে আছেন: আঁচল

১৪ অক্টোবর সারা দেশে মুক্তি পেতে যাচ্ছে মিজানুর রহমান মিজান পরিচালিত চলচ্চিত্র ‘রাগী’। ছবিটির মাধ্যমে প্রায় সাড়ে তিন বছর পর সিনেমা হলে ফিরছেন অভিনেত্রী আঁচল আঁখি।

সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরত্রে অভিনয় করেছেন একসময়ের সাড়া জাগানো নায়িকা মুনমুন। সিনেমায় খলনায়িকার চরিত্রে দেখা যাবে তাকে।

এদিকে দীর্ঘদিন পর সিনেমা মুক্তি পাওয়ায় উচ্ছ্বসিত আঁচল আঁখি। তিনি বলেন, রাগী নিয়ে আমি অনেক আশাবাদী। দর্শকের পছন্দ হওয়ার মতো সব উপাদান এতে আছে—মারপিট, ভালো গান, সুন্দর সংলাপ এবং দারুণ একটা গল্প।

আঁচল বলেন, চলতি বছর দেশে যত সিনেমা মুক্তি পেয়েছে, রাগী সেগুলোর মধ্যে একেবারেই অন্য রকম। সম্পূর্ণ বাণিজ্যিক ঘরানার সিনেমা এটি। যেহেতু অনেক বছর পর আমার সিনেমা মুক্তি পাচ্ছে, আমার অনেক দর্শক আগ্রহ নিয়ে বসে আছেন। প্রশ্ন করছেন, আপু আপনার সিনেমা কবে আসবে, কবে দেখতে পাব? দর্শকদের বলছি, ‘আপনাদের অপেক্ষার দিন শেষ।’

তিনি বলেন, সিনেমায় আমি অভিনয় করেছি মুনমুন আপুর ছোট বোনের চরিত্রে। আপুর চরিত্রের ওপর ভিত্তি করেই সিনেমার নাম রাগী দেওয়া হয়েছে। গল্পে তিনি প্রচণ্ড রাগী। কিন্তু এই রাগকে ভালোবাসা দিয়ে সামলেছি আমি। কথায় আছে, রেগে গেলেন তো হেরে গেলেন। এটাই সিনেমার মূল বিষয়।

রেগে গেলে কোনো কিছু পাওয়া যায় না, সবকিছুই হারিয়ে যায় জীবন থেকে। সেই রাগকে নিয়ন্ত্রণ করে ভালোবাসা দিয়ে সবকিছু অর্জন করেছি আমি। মুনমুন আপু যতটা রাগী, তার ঠিক উল্টো আমার চরিত্র। একদম সফট, ভালোবাসা খুঁজি—এ ধরনের চরিত্র।

‘রাগী’ সিনেমায় নায়ক চরিত্রে আছেন আবির চৌধুরী। জাকেরা খাতুন জয়া প্রযোজিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মৌমিতা মৌ, খালেদা আক্তার কল্পনা, মারুফ, সনি রহমান ও কাজী হায়াৎ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *