পরিবারের সবাইকে নিয়ে আমি ভালো আছি: মৌসুমী

ঢাকাই সিনেমার ‘প্রিয়দর্শিনী’খ্যাত নায়িকা মৌসুমী। চলচ্চিত্রে এখনও তিনি সমান জনপ্রিয়। সম্প্রতি তিনি ‘ভাঙন’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। আগামী ৪ নভেম্বর সিনেমাটি মুক্তি পাবে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেয়েছে সরকারি অনুদানে নির্মিত ‘ভাঙন’ সিনেমার এই ট্রেইলার। সেখানে ফজলুর রহমান বাবু আবির্ভূত হয়েছেন বংশীবাদকের চরিত্রে; আর মৌসুমী চুড়ি বিক্রেতা।

এদিকে ‘ভাঙন’র দিয়ে দীর্ঘদিন পর পর্দায় আসছেন এই অভিনেত্রী। ফলে সিনেমাটি নিয়ে প্রত্যাশাও বেশি। একটি সংবাদমাধ্যমকে মৌসুমী জানিয়েছেন, ‘ভাঙন’ তার প্রিয় একটি সিনেমা।

কিছুদিন আগে ব্যক্তিজীবনে টানাপোড়েন তৈরি হলেও বর্তমানে তিনি ভালো আছেন বলে জানান। বলেন, আমি ভালো আছি, খুব ভালো আছি। পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। এভাবেই সবসময় ভালো থাকতে চাই এবং অভিনয় করে যেতে চাই।

এসময় মৌসুমী বলেন, দর্শকদের বলব, আপনারা সিনেমা হলে গিয়ে ‘ভাঙন’ দেখুন। অন্য সিনেমাও দেখুন। বাংলাদেশের সিনেমা দেখুন। আমাদের সিনেমা অনেক দূর পৌঁছে গেছে। বিশ্বের নানান দেশে মুক্তি পাচ্ছে আমাদের ঢাকাই সিনেমা। সেসব দেশে সুনাম অর্জন করছে এবং সফলও হচ্ছে।

তিনি বলেন, ‘ভাঙন’ গতানুগতিক ধারার সিনেমা নয়। একেবারেই ভিন্নধারার গল্পের সিনেমা। গল্পের প্রয়োজনে এই সিনেমায় আমাকে চুড়ি বিক্রি করতে হয়েছে। শহরের বস্তিতেও থাকতে হয়েছে। সুন্দর একটি গল্প পাবেন দর্শকরা। আমিও অভিনয় করে আনন্দ পেয়েছি। সবাইকে সিনেমাটি দেখার আমন্ত্রণ।

উল্লেখ্য, ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া এই সিনেমায় রেল স্টেশনে জড়ো হওয়া কিছু প্রান্তিক ও ছিন্নমূল মানুষের কথা তুলে ধরা হয়েছে। যেখানে হকার, প তিতা, বংশীবাদক, পকেটমার নানা ইতিবাচক ও নেতিবাচক মানুষ রয়েছে। তাদের জীবনযাত্রা, বেঁচে থাকা ও প্রত্যাশার গল্প নিয়ে এই সিনেমা। এমনটাই জানান নির্মাতা মির্জা সাখাওয়াৎ হোসেন।

মৌসুমী ও ফজলুর রহমান বাবু ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রাণ রায়, মির্জা আফরিন, খলিলুর রহমান কাদেরী, রাশেদা চৌধুরী, সৃষ্টি মির্জা, হিমেল রাজ, মিশু চৌধুরী, সঞ্জয় রাজ, চানমিয়া শিকদার, আনিছ, আসকার পাইন, তাবিব শাহেদ, রাশেদ রেহমান, রাণী, মির্জা সাখাওয়াৎ হোসেনসহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *