বেশকিছু দিন ধরে শাকিব-বুবলী ইস্যুতে আলোচনায় উঠে এসেছে হালের দর্শকপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরির নামও। এ নিয়ে পূজার নীরবতায় অনেকেই দুইয়ে-দুইয়ে চার মেলাতে শুরু করেন। এরপরও নীরব ছিলেন এই তরুণ তুর্কী।
এদিকে, হঠাৎ করে মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে ছড়িয়ে পড়েছে গেল ২২ সেপ্টেম্বর পূজাকে বিয়ে করেছেন শাকিব খান! পূজা মুসলিম ধর্ম গ্রহণ করেই নাকি শাকিবকে বিয়ে করেছেন! যা নিয়ে সামাজিকমাধ্যমেও হইচই লেগে গেছে।
বিষয়টি নিয়ে পূজা সংবাদমাধ্যমকে বলেন, যারা এসব বলছেন তারা আগে প্রমাণ দিক। প্রমাণ ছাড়া কেন এসব কথা বলছে? আমি নিজেও বুঝতে পারছি না কেন এসব কথা আসছে।
বিষয়টি নিয়ে আমিও খুব বিরক্ত। আমি কাজের মধ্যে ডুবে থাকতে চাই। এখন শুটিংয়ে আছি। এখন আমি কাজ ছাড়া কিছুই চিন্তা করছি না।
তবে এটুকু বলতে চাই যে, একটি দল আমার পিছনে লেগে আছে। যেহেতু শুটিংয়ে আছি বিষয়টি নিয়ে কথা বলে চরিত্র থেকে বের হতে চাই না। সময় হলে সব বলব।
