গাজীপুর জেলার কোনাবাড়ী থানা আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে ব্যানার-ফেস্টুনে ঢেকে গিয়েছিলো কোনাবাড়ি ডিগ্রি কলেজ ও আকম মোজাম্মেল হক স্কুলের ভবন। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সমালোচনার ঝড় উঠে। অবশেষে স্কুল, কলেজ ভবন থেকে সরিয়ে নেয়া হয়েছে ব্যানার-ফেস্টুন।
সোমবার (১০ অক্টোবর) রাতে কলেজ ভবন থেকে ওইসব ব্যানার ফেস্টুন সরিয়ে নিয়েছে নেতাকর্মীরা।
জানা গেছে, আগামী ১৫ অক্টোবর গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানা আওয়ামী লীগের সম্মেলন। ওই সম্মেলনকে ঘিরে পদপ্রার্থীরা তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ওইসব প্রার্থী নিজেদের ও তাদের শুভাকাঙ্ক্ষীদের নানা রং ও ডিজাইনের ব্যানার ফেস্টুন দিয়ে কলেজ ও আশপাশের এলাকা ডেকে ফেলেছে। কলেজ ক্যাম্পাস দেখে মনে হচ্ছিল, এটি কোনো রাজনৈতিক কার্যালয়। আদতে এটি গাজীপুরের কোনাবাড়ী ডিগ্রি কলেজের ভবন।
আজ মঙ্গলবার সকালে কলেজে গিয়ে দেখা যায়, মাঠের চারপাশ দিয়ে ব্যানার-ফেস্টুন থাকলেও কলেজ ভবনটি থেকে ব্যানার-ফেস্টুন সরিয়ে ফেলা হয়েছে। তাতে মনে হচ্ছে, খোলস থেকে ভবনটি বেরিয়ে এসেছে। তবে এখনো বেশ কয়েকটি ফেস্টুন রয়ে গেছে।
কোনাবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. বেলাল হোসেন বলেন, স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা রাতে নিজ দায়িত্বে ব্যানার-ফেস্টুন সরিয়ে নিয়েছেন। অবশ্য কিছু ব্যানার-ফেস্টুন রয়ে গেছে।
গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডল বলেন, নির্দেশ মোতাবেক নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন সরিয়ে ফেলেছেন।
