শাকিবের চার ছবির তিনটিরই খবর নেই, ফের ৭ সিনেমার ঘোষণা

ঢাকাই সিনেমার আলোচিত নায়ক শাকিব খান। অভিনয়ের পাশাপাশি সিনেমা প্রযোজনাও করেন তিনি। শাকিব প্রযোজনায় নিয়মিত না হলেও মাঝে মধ্যে পাওয়া যায়।

তবে ঘোষণাতেই কয়েক বছর ধরে থেমে আছে শাকিব খানের ৩টি সিনেমা। ২০১৭-১৯ সালে নিজের প্রযোজনা সংস্থা এসকে ফিল্মস থেকে ৪টি সিনেমা নির্মাণের ঘোষণা দেন এই নায়ক।

এগুলো হচ্ছে কাজী হায়াতের ‘বীর’, বদিউল আলম খোকনের ‘ফাইটার’, মালেক আফসারীর ‘পাসওয়ার্ড ২’ ও হিমেল আশরাফের ‘প্রিয়তমা’। এর মধ্যে একমাত্র ‘বীর’ সিনেমাটি নির্মিত হয়ে মুক্তিও পেয়েছে। বাকি তিনটি সিনেমা আজও শুটিং ফ্লোরে গড়ায়নি। সিনেমা ৩টি নিয়ে দেখা দিয়েছে এক ধরনের অনিশ্চয়তা।

এরমধ্যে ‘ফাইটার’ ছবিটি বদিউল আলম খোকন বাইরের প্রযোজককে নিয়ে নির্মাণ করছেন। শাকিব দীর্ঘদিন তার সঙ্গে এ ছবি নিয়ে কোনো যোগাযোগ রাখেনি। তাই এ ছবির বর্তমানে নায়ক হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন বাপ্পী চৌধুরী। বর্তমানে এর চিত্রনাট্য লেখা হচ্ছে। লিখছেন কমল সরকার।

মালেক আফসারী জানালেন, ‘পাসওয়ার্ড ২’ আর হওয়ার সম্ভাবনা নেই। তিনি বলেন, ছবির ঘোষণার পরে তো দেশের করোনা শুরু হলো। এরপর ওর দিক থেকেও খুব একটা যোগাযোগ হয়নি। সবমিলিয়ে ছবিটা আর হচ্ছে না। হয়তো শাকিবের সঙ্গে আমার অন্য কোনো ছবি হবে।

‘প্রিয়তমা’র হিমেল আশরাফ ঘোষণা দেন ২০১৭ এর দিকে। তখন শাকিব খানের সঙ্গে এ ছবির সহপ্রযোজক ছিলেন আরশাদ আদনান। পরবর্তীতে আরশাদ আদনান সরে দাঁড়ান এবং হিমেল আশরাফ আমেরিকায় চলে যান। শাকিব খান এ ছবিটির চিত্রনাট্য সরকারি অনুদানের জন্য জমা দেন ২০২০-২১ অর্থ বছরের জন্য। যদিও অনুদান পাননি।

হিমেল আশরাফ বলছেন, ছবিটি তার স্বপ্নের একটি ছবি। এ ছবি আজ হোক কাল হোক হবেই। শাকিব খানকে নিয়েই এ ছবি হবে।

শাকিব খানের এসকে ফিল্মস থেকে প্রথম প্রযোজনা ছিল ‘হিরো দ্য সুপারস্টার’। এরপর ঘোষিত চারটির মধ্যে একটি ছবিই আলোর মুখ দেখেছে। এ অবস্থায় সম্প্রতি তিনি নতুন করে আরও সাতটি ছবির ঘোষণা দিয়েছেন। এখন দেখার বিষয় এর মধ্যে কয়টি ছবি শেষ পর্যন্ত আলোর মুখ দেখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *