ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলী ফেসবুকে ছবি প্রকাশের মধ্য দিয়ে নিজেদের সন্তানের খবর প্রকাশ করেছেন। জানিয়েছেন, তাদের ছেলের নাম শেহজাদ খান বীর।
এদিকে সন্তানের খবর প্রকাশের পরই গুঞ্জন ওঠে সন্তানের খবর প্রকাশ্যে আনলেও এখন আর একসঙ্গে নেই শাকিব-বুবলী। পাল্টে গেছে তাদের প্রেমের গতিপথ। ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিংয়ের আগেই এ দম্পতির ‘বিচ্ছেদ’ হয়ে গেছে।
যদিও তখন এ তথ্যের কোনো সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। তবে কদিন না যেতেই এবার এবার জানা গেল, ৮ মাস আগেই তাদের বিচ্ছেদ হয়েছে। আগামীতে যে কোনো দিন তারা বিষয়টি নিয়ে জনসমক্ষে আসতে পারেন।
শাকিব খান ও বুবলি ঘনিষ্ঠ একাধিক সূত্র সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
শাকিব খান-বুবলির বিয়ের তারিখ ছিল ২০১৮ সালের ২০ জুলাই। আর ২০২০ সালের ২১ মার্চ সন্তান শেহজাদের জন্ম হয়েছে। এটি বুবলি তার ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন।
তাদের ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, ২০২১ সাল থেকেই শাকিব খান ও বুবলির মধ্যে বিবাদ শুরু। সে বছর ১৮ ফেব্রুয়ারি ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমার সাইনিং অনুষ্ঠানে দুজন মুখোমুখি হলেও কেউ কারও সঙ্গে কথা পর্যন্ত বলেননি। তারপরেও সিনেমার শুটিং করেছেন।
শাকিব খান যুক্তরাষ্ট্রে থাকা অবস্থায় বুবলি ২০২১ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে গেলে দুজনের মধ্যে সম্পর্কের বরফ গলতে শুরু করে। কিন্তু বুবলি বাংলাদেশে ফিরে আসার পর তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে দূরত্ব বাড়তেই থাকে। এই দূরত্ব-বিবাদের কারণেই তাদের বিচ্ছেদ হয়েছে বলে সূত্রগুলো জানায়।
এর আগে, ২০০৮ সালে গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্ম হয় তাদের একমাত্র সন্তান আব্রাম খান জয়ের। ২০১৭ সালের ১০ এপ্রিল ছেলেকে নিয়ে একটি টিভি চ্যানেলের লাইভ অনুষ্ঠানে এসে গোপন কথা ফাঁস করে দেন অপু।
তার পাঁচ মাস পর অর্থাৎ ২০১৭ সালের ২২ নভেম্বর নানা অভিযোগ তুলে অপুকে তালাকের নোটিশ পাঠান শাকিব। ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি আইনিভাবে পথ আলাদা হয় দুজনের। অপু-শাকিবের ডিভোর্সের পর মায়ের কাছেই থাকছে জয়।
