আমার চরিত্রটা একটু রহস্যজনক: স্পর্শিয়া

সিনেমা, ওটিটি, নাটক সব মাধ্যমেই ব্যস্ত সময় কাটাচ্ছেন অর্চিতা স্পর্শিয়া। শিগগিরই একটি সিনেমার কাজ শুরু করবেন স্পর্শিয়া। আগামী নভেম্বরে মুক্তি পাবে ‘বোধ’ নামের একটি ওয়েব সিরিজ।

এছাড়া মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ‘ফিরে দেখা’ নামের সরকারি অনুদানের একটি সিনেমা। এতে তার বিপরীতে অভিনয় করেছেন নিরব হোসেন। সিনেমাটি পরিচালনা করেছেন এক সময়ের জনপ্রিয় নায়িকা রোজিনা।

এদিকে সম্প্রতি শেষ করেছেন ‘হারাধনের ১০টি ছেলে’ নামের ওয়েব সিরিজ। এটি পরিচালনা করেছেন জাকারিয়া মাসুদ। এতে স্পর্শিয়ার সঙ্গে দেখা যাবে জিয়াউল রোশান ও এফ এস নাঈমকে।

ওয়েব সিরিজটি প্রসঙ্গে স্পর্শিয়া বলেন, ‘এটি মূলত ক্রাইম থ্রিলার। দুই পর্বে সিরিজটি নির্মাণ করা হবে। ওয়েব সিরিজটি নিয়ে আমি খুব আশাবাদী। শুটিংয়ে একটু হলেও বুঝতে পারছি কাজটা কেমন হচ্ছে। তাই বলতে পারি অনেক ভালো একটা কাজ হচ্ছে।’

নিজের অভিনীত চরিত্র নিয়ে স্পর্শিয়া বলেন, ‘এতে আমার চরিত্রটা একটু রহস্যজনক। প্রথমে অনেকেই হয়তো আমার চরিত্রটি বুঝতে পারবে না। পুরোটা সিরিজ শেষ করতে হবে চরিত্রটির রহস্য ভেদ করতে। আপাতত এর বেশি হলা যাচ্ছে না।’

প্রথমবারের মতো রোশানের সঙ্গে কাজ করেছেন স্পর্শিয়া। তিনি বলেন, ‘রোশান অনেক ভালো কাজ করেছে। মনে হয়নি এই প্রথম তার সঙ্গে কাজ করলাম। এ ছাড়া এখানে নাঈম ভাই ছিল। সব মিলিয়ে কাজ করার অভিজ্ঞতা এক কথায় দারুণ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *