এমন কিছু কাজ করবো যা মানুষ সারাজীবন মনে রাখবে: সজল

ছোট পর্দার জনপ্রিয় মুখ আবদুন নূর সজল। পাশাপাশি কয়েক বছর থেকে বড় পর্দাতেও দেখা যাচ্ছে তাকে। মুক্তির অপেক্ষায় রয়েছে কয়েকটি সিনেমা। আরও সামনে নতুন সিনেমার শুটিংয়ে দেখা যাবে এই তারকাকে। সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এই অভিনেতা।

শোবিজে ২০ বছর হয়ে গেল। অনুভূতি জানতে চাইলে তিনি বলেন,  প্রথমেই কৃতজ্ঞতা মহান সৃষ্টিকর্তার প্রতি। দেখতে দেখতে শোবিজে ২০ বছর কেটে গেল এবং তা খুব ইতিবাচকভাবেই। নির্মাতা, সহশিল্পী, সাংবাদিক, প্রযোজক সবার প্রতি আমার ভালোবাসা। ইউনিটের টি বয় থেকে শুরু করে সব মানুষের ভালোবাসায় আমি এত দূর আসতে পেরেছি। আমার দর্শকদের প্রতি হৃদয় থেকে ভালোবাসা ও ধন্যবাদ। এভাবেই সারাজীবন অভিনয় শিল্পের সঙ্গে পথ চলতে চাই।

আপনি মূলত নাটকের মানুষ। হঠাৎ সিনেমায় ব্যস্ত হয়ে পড়ার কারণ কী?

সজল বলেন, একজন শিল্পীর কাজই হলো অভিনয় করা, তা যে কোনো মাধ্যমেই হোক না কেন। আমি মনে করি, প্রত্যেক শিল্পীর ভেতরে চলচ্চিত্রে অভিনয় করার একটা গোপন ইচ্ছা থাকে। কারণ এই মাধ্যমটি একজন শিল্পীকে অনেক বছর বাঁচিয়ে রাখে। আমিও অনেকদিন ধরে চাইছিলাম সিনেমায় অভিনয় করব। কিন্ত সেভাবে মেলেনি বলে দেরি হয়েছে।

শোবিজে টিকে থাকার মূলমন্ত্র কী?

সজল বলেন, ধৈর্য, লেগে থাকা, চেষ্টা করা, সিনিয়রদের সম্মান করা, অভিনয়কে ভালোবাসা । অভিনয়ের প্রতি প্রেম ও ভালোবাসা না থাকলে শোবিজে কাজ করা সম্ভব নয়। টিকে থাকা তো আরও পরের কথা । এসেই অনেক কিছু পাওয়ার আশা করা ঠিক নয়। বছরের পর বছর সময় দিতে হবে।

সংসার জীবন কবে শুরু করছেন ?

সজল বলেন, দেরি আছে। সবাইকে জানিয়েই সংসার জীবন শুরু করব। আপাতত অভিনয় নিয়েই থাকতে চাই। অভিনয়ই এখন আমার কাছে সবকিছু। এমন কিছু চরিত্রে ও গল্পে কাজ করে যেতে চাই যা মানুষ সারাজীবন মনে রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *