টাঙ্গাইল: টাঙ্গাইলের বঙ্গবন্ধু যমুনা সেতুর পূর্বপ্রান্তে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে।
বৃহস্পতিবার (০৬ অক্টোবর) দুপুর দেড়টার দিকে সেতুর পূর্ব পাড় গোল চত্বর টোল প্লাজার সামনে এ হতাহতের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
বঙ্গবন্ধু সেতু থানার ওসি শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে তিন জনের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আর গুরুতর আহত কয়েকজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে ডাক্তার আরও তিন জনকে মৃৃত ঘোষণা করেছেন।
বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের সহকারী সিকিউরিটি অ্যান্ড সেফটি ম্যানেজার মো. রফিকুল ইসলাম বলেন, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একতা পরিবহনের একটি বাস বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পরই ব্রেক ফেল করে। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী লেন থেকে উত্তরবঙ্গগামী লেনে উল্টে গিয়ে একটি মাইক্রোবাসের ওপর উঠে পড়ে। এতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
