ঢাকাই চলচ্চিত্রের সফল ও প্রশংসিত জুটি শাকিব খান-অপু বিশ্বাস। পর্দার জুটি হিসেবে দর্শক মহলে জনপ্রিয় ছিল দুই তারকা। কিন্তু ২০১৭ সালের ১০ এপ্রিল একটি বেসরকারি টেলিভিশনে লাইভে এসে শাকিব খানের সঙ্গে বিয়ের কথা প্রকাশ্যে আনেন অপু বিশ্বাস। সঙ্গে একমাত্র ছেলে আব্রাম খান জয়কেও নিয়ে আসেন অভিনেত্রী।
অপু বিশ্বাস সেই সময় সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ২০০৮ সালে শাকিব খানের সঙ্গে বিয়ে হয়েছিল তার। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় একমাত্র ছেলের জন্ম হয়। কিন্তু পরবর্তীতে বিয়ের খবর এভাবে প্রকাশ্যে আনায় বিপাকে পড়েন ঢালিউড ক্যুইন।
শাকিব খান ২০১৭ সালের ২২ নভেম্বর অপু বিশ্বাসকে তালাকের জন্য আবেদন করেন। পরে ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি তালাক হয় এই তারকা দম্পতির।
এদিকে অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের বছরই ঢাকাই সিনেমার আরেক অভিনেত্রী শবনম বুবলীকে বিয়ে করেন শাকিব খান। ২০১৮ সালের ২০ জুলাই বিয়ে হয় শাকিব-বুবলীর। অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের চার মাস ২৮ দিন পর অর্থাৎ ১৪৮ দিন পরে বুবলীকে বিয়ে করেন ঢালিউড সুপারস্টার। আর বিয়ের ১৫৩৬ দিন পর সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের খবর প্রকাশ করলেন বুবলী।
সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে শাকিব খানের সঙ্গে তোলা একাধিক ছবি ফেসবুকে পোস্ট করে বুবলী জানিয়েছেন, ২০১৮ সালের ২০ জুলাই তাদের বিয়ে হয়। যদিও বিয়ে কোথায় হয়েছে তা উল্লেখ করেননি নায়িকা। তবে গুঞ্জন আছে, এ জুটির বিয়ে হয়েছিল নারায়ণগঞ্জে।
বুবলীর ওই পোস্টে ২০২০ সালের ২১ মার্চ তার ছেলে শেহজাদ খান বীরের জন্মদিন উল্লেখ আছে। অবশ্য এই তারকা-পুত্রের জন্ম কবে হয়েছিল, তা আগেই বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে। তার জন্ম যে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে হয়েছিল, তাও প্রকাশ হয়েছে ইতোমধ্যে।
এদিকে গুঞ্জন উঠেছে শাকিবের সঙ্গে সম্পর্ক ভালো নেই বুবলীর। দীর্ঘদিন ধরে এক ছাদের নিচে থাকছেন না তারা। যদিও বিষয়টি নিয়ে এই কয়েকদিন সংবাদমাধ্যমের সঙ্গে একটি কথাও বলেননি তারা। অবশেষে মুখ খুললেন শাকিব খান।
একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানতে চাওয়া হয়, সবার মতে আপনার ক্ষেত্রে সমস্যাটা হলো আপনি বারবারই বিয়ে ও সন্তানের কথা গোপন করেন, কিন্তু কেন?
জবাবে বলেন, শাকিব খান বলেন, আমি তো নায়কের বাইরে সাধারণ একজন মানুষ। আমারও তো নিজস্ব কিছু চিন্তা ও পরিকল্পনা থাকতে পারে। সেই চিন্তা থেকে আমার মনে হয়েছে এ বিষয়ে এখনই কিছু বলব না। সময় হলে ঘটা করে সবাইকে জানাব। কিন্তু আমাকে ভুল বুঝে সময়ের আগে ওরা সেই পরিকল্পনা নষ্ট করে দেয়। সাধারণ মানুষের কাছে এ কারণেই আমাকে সমস্যায় পড়তে হয়। আরে প্রেম-বিয়ে তো মানুষের একান্তই ব্যক্তিগত ব্যাপার। আমি আমার এই ব্যক্তিগত ব্যাপারগুলো কখনই সাধারণ মানুষের সামনে আনতে চাই না। আমি মানুষকে উন্নত কাজ দিয়ে সুখী করতে চাই।
বুবলীর সঙ্গেই তো বাকিটা জীবন কাটিয়ে দেবেন, তাই না?, শাকিব খান বলেন, দেখুন, বিচ্ছেদের জন্য কেউ বিয়ে করে না, সুন্দর সংসার আর সুখের আশায় মানুষ বিয়ে করে। কোনো একজনের কারণে কেউ সুখী হয় কেউ বা হয় না। আমি এখন সুন্দর একটি সুখের সংসার চাই।
