মাত্র দুজনকে বিয়ে করেছি, বাকি সবই গুঞ্জন: শাকিব খান

টক অব দ্য টাউনে ঢালিউড অভিনেতা শাকিব খান ও নায়িকা শবনম বুবলীর প্রেম, বিয়ে ও সন্তানের খবর। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বোমা ফাটান আলোচিত এই জুটি। নিজেদের সন্তানের ছবি শেয়ার করে জানান দেন তাদের বিয়ের কথা।

ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে বুবলী শেয়ার করেছেন শাকিব খানের সঙ্গে তার বিয়ের তারিখ ও সন্তান বীরের জন্ম তারিখ। এ নিয়েই বর্তমানে সরগরম অনলাইন থেকে অফলাইন।

তবে সরাসরি কোনো সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেননি তাঁরা। কারও সঙ্গে কথা না বলার কারণেই সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন এই দুই তারকা। সবারই চাওয়া ছিল, দুই তারকার বয়ানে কিছু জানানো গেলে খুব ভালো হয়। কিন্তু না, কেউই তাঁরা কোনো কথা বলেননি।

গত কয়েকদিন ধরে চেষ্টা করেও তাঁদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। গত শনিবার ঢাকার কারওয়ান বাজারের একটি পাঁচতারা হোটেলে তাদের একটি গানের শুটিংয়ের খবর ছড়িয়ে গেলে, সেখানে একটা সুযোগের চেষ্টা করে সাংবাদিকরা। কিন্তু এদিনও শাকিব–বুবলীর কেউই সংবাদমাধ্যমের কাছে কিছুই বলেননি। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয় তাঁদের শুটিং।

তবে অবশেষে মুখ খুললেন শাকিব খান। সংসারসহ বিভিন্নি বিষয় নিয়ে একটি জাতীয় দৈনিকের সঙ্গে কথা বলেছেন দেশের শীর্ষ এ নায়ক।

শাকিব খান বলেন, চলচ্চিত্র নায়কের ঊর্ধ্বে আমি কিন্তু একজন মানুষ, আর মানুষ হিসেবে আমারও ব্যক্তিগত একটি জীবন আছে। সেই জীবনে নানা ঘটনা ঘটতেই পারে, তাই বলে তাতে ঝড়-ঝঞ্ঝার তো কিছু নেই। সব মানুষের জীবনেই প্রতিনিয়ত নানা ঘটনা ঘটে থাকে। শুধু চলচ্চিত্র নয়, দেশের যে কোনো সেক্টরের শীর্ষ ব্যক্তিত্বরা কি করছেন, কেমন আছেন, তাদের সুখ-দুঃখ নিয়ে সাধারণ মানুষের আগ্রহ থাকেই। সেই আগ্রহ থেকেই বড় মাপের মানুষের বিষয়গুলো বেশি হাইলাইট হয়। যা সাধারণ মানুষের ক্ষেত্রে হয় না। আমাকে নায়ক হিসেবে দেশ-বিদেশের মানুষ সাদরে গ্রহণ করেছে বলে আমার সব ব্যাপারে তাদের জানার আগ্রহটা একটু বেশি। এটা দোষের কিছু নয়।

আপনি বারবারই বিয়ে ও সন্তানের কথা গোপন করেন, কিন্তু কেন? জানতে চাইলে তিনি বলেন, আবারও বলব, আমি তো নায়কের বাইরে সাধারণ একজন মানুষ। আমারও তো নিজস্ব কিছু চিন্তা ও পরিকল্পনা থাকতে পারে। সেই চিন্তা থেকে আমার মনে হয়েছে এ বিষয়ে এখনই কিছু বলব না। সময় হলে ঘটা করে সবাইকে জানাব। কিন্তু আমাকে ভুল বুঝে সময়ের আগে ওরা সেই পরিকল্পনা নষ্ট করে দেয়। সাধারণ মানুষের কাছে এ কারণেই আমাকে সমস্যায় পড়তে হয়। আরে প্রেম-বিয়ে তো মানুষের একান্তই ব্যক্তিগত ব্যাপার। আমি আমার এই ব্যক্তিগত ব্যাপারগুলো কখনই সাধারণ মানুষের সামনে আনতে চাই না। আমি মানুষকে উন্নত কাজ দিয়ে সুখী করতে চাই।

আপনার ক্ষেত্রে বারবার গোপন প্রেমের সম্পর্ক নিয়েই সমস্যা তৈরি হচ্ছে বলে মনে হয়- শাকিব খান বলেন, মোটেও নয়, আমি তো কমপক্ষে এখন পর্যন্ত শতাধিক ছবিতে অভিনয় করেছি। তাই বলে আমি কি প্রত্যেক নায়িকার সঙ্গেই প্রেম-বিয়ের সম্পর্কে জড়িয়েছি। সবার সঙ্গে কি আমার স্ক্যান্ডাল আছে। আমি তো মাত্র দুজনকে বিয়ে করেছি। বাকি যেসব খবর রটেছে সবই তো গুঞ্জন। না হলে যাদের জড়িয়ে আমার সম্পর্কে বলা হচ্ছে তারা কি মুখ বন্ধ করে রাখত।

বুবলীর সঙ্গেই তো বাকিটা জীবন কাটিয়ে দেবেন, তাই না?, এমন প্রশ্নে শাকিব বলেন, দেখুন, বিচ্ছেদের জন্য কেউ বিয়ে করে না, সুন্দর সংসার আর সুখের আশায় মানুষ বিয়ে করে। কোনো একজনের কারণে কেউ সুখী হয় কেউ বা হয় না। আমি এখন সুন্দর একটি সুখের সংসার চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *