Home আলোচিত মাহির সিনেমা দেখতে লন্ডন থেকে ঢাকায় এলেন দবির চাচা

মাহির সিনেমা দেখতে লন্ডন থেকে ঢাকায় এলেন দবির চাচা

0
216

অনেক চড়াই-উতরাই পেরিয়ে ঢাকাই চলচ্চিত্র আবারও চেনা ছন্দে ফেরা শুরু করেছে। একের পর এক মানসম্পন্ন ও গল্পপ্রধান সিনেমা দর্শকদের করছে হলমুখী। আজকাল দেশের গণ্ডি পেরিয়ে ইউরোপ-আমেরিকাতেও বাংলাদেশের সিনেমা মুক্তি পাচ্ছে। সবখানেই হচ্ছে প্রশংসিত।

এবার ভিন্নধর্মী এক ঘটনার সাক্ষী হলো ঢালিউডপাড়া। ১০২ বছর বয়সী লন্ডন প্রবাসী বৃদ্ধ দবিরুল ইসলাম চৌধুরী বাংলাদেশে এসেছেন নিজ দেশের সিনেমা দেখতে। সিনেমার গান ও ট্রেলার দেখেই নাকি প্রথম আগ্রহ জন্মায় তার।

যেখানে খুঁজে পান মা ও মাটির গন্ধ। ছুটে আসেন সুদূর ইউরোপ থেকে। উদ্দেশ্য বড়পর্দায় দেখবেন ঢালিউডের সিনেমা। যার নাম ‘যাও পাখি বলো তারে’। এর মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মাহিয়া মাহি, আদর আজাদ ও শিপন মিত্র।

দবিরুলের বাড়ি বাংলাদেশে সিলেটে। করোনা মহামারির সময় লন্ডনের বাসকারী বাংলাদেশি দবির চাচাকে নিয়ে বিশ্ব মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হয়। শতবর্ষ পার হওয়া মানুষটি লকডাউনের সময় হেঁটে হেঁটে বাংলাদেশসহ বিভিন্ন দেশের অসহায় মানুষদের সহায়তার জন্য তহবিল সংগ্রহ করেছিলেন। সম্মাননা স্বরূপ সদ্যপ্রয়াত ব্রিটেনের রানি এলিজাবেথ তাকে ‘অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার (ওবিই)’ পদকে ভূষিত করেন।

দবিরুল ইসলাম চৌধুরী জানান, ‘যাও পাখি বলো তারে’ সিনেমাটির গান ও ট্রেলার তার ছেলে তাকে দেখিয়েছে। দেখে তার অনেক ভালো লেগেছে। দেশের মাটির গন্ধ আছে এমন সিনেমা তিনি প্রেক্ষাগৃহে বসে দেখতে চান। এজন্যই লন্ডন থেকে দেশে এসেছেন।

আগামী ৭ অক্টোবর দেশজুড়ে ৩০ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘যাও পাখি বলো তারে’। ত্রিভুজ প্রেমের গল্পের এ সিনেমাটি নির্মাণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক।

এই সিনেমায় মজনু চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদ। তিনি বললেন, ‘যখনই আমি এই সিনেমা নিয়ে চিন্তা করি, তখনই আমার মজনুর কথা মনে পড়ে। সিনেমাটি নিয়ে আমি অনেক বেশি ইমোশনাল। সবাইকে আহ্বান জানাই, আপনারা প্রেক্ষাগৃহে এসে আমাদের সম্মিলিত প্রচেষ্টা দেখবেন।’

সিনেমায় লাভলীর ভূমিকায় দেখা যাবে মাহিয়া মাহিকে। এ নায়িকার অন্যতম সফল সিনেমা ‘পোড়ামন’। নিটোল প্রেমের গল্পে নির্মিত হয়েছিল সেটি। সেই স্মৃতি স্মরণ করে মাহি বলেন, “এই সিনেমায় অনেক সুন্দর সংলাপ আছে। যেগুলো আপনাদের মনে দাগ কাটবে। আমার বিশ্বাস এটি আরেকটি ‘পোড়ামন’ হবে।”

‘যাও পাখি বলো তারে’ সিনেমার বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, সুব্রত, মাহমুদুল ইসলাম মিঠু (বড়দা মিঠু), মাসুম বাশার, অভিনেত্রী রেবেকা রউফ, মিলি বাশার, লাবণ্য প্রমুখ।

ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটির নির্বাহী প্রযোজক তমালিকা আকরাম। দেশজুড়ে এটি পরিবেশনা করছে দ্য অভি কথাচিত্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here