কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে জাহাজ চলবে কাল থেকে

এবার পর্যটন মৌসুমে কক্সবাজারের টেকনাফ থেকে সরাসরি সেন্ট মার্টিনে জাহাজ চলাচল বন্ধ থাকবে তবে কক্সবাজার ও চট্টগ্রাম থেকে বঙ্গোপসাগরের বিচ্ছিন্ন এই দ্বীপ ভ্রমণে যেতে পারবেন পর্যটকরা।

জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার (৬ অক্টোবর) কক্সবাজার থেকে সরাসরি জাহাজ চলাচল শুরু হচ্ছে। কর্ণফুলী এক্সপ্রেস নামে একটি জাহাজ ৭৫০ জন যাত্রী নিয়ে সেন্ট মার্টিন রওনা দেওয়ার কথা রয়েছে।

বুধবার (৫ অক্টোবর) রাত ৯টার দিকে জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর অ্যাসোসিয়েশনের (স্কোয়াব) সভাপতি তোফায়েল আহমদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মিয়ানমারের অভ্যন্তরে সংঘর্ষের কারণে টেকনাফ-সেন্ট মার্টিন রুটে জাহাজ চালু করা যাচ্ছে না। তবে বিকল্প উপায় হিসেবে কক্সবাজার এবং চট্টগ্রাম থেকে সেন্ট মার্টিন রুটে জাহাজ চালুর সিদ্ধান্ত নিয়েছি। কাল পরীক্ষামূলকভাবে এই মৌসুমের প্রথম জাহাজ কক্সবাজার থেকে ৭৫০ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করবে। এদিন পর্যটকরা নিরাপদে যাতায়াত করতে সক্ষম হলে অন্য জাহাজগুলোও চালু হবে।

এ বিষয়ে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ মামুনুর রশীদ বলেন, আপাতত টেকনাফ থেকে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। কাল কক্সবাজার থেকে সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ কর্ণফুলী এক্সপ্রেস পরীক্ষামূলক চলাচল করবে। পর্যায়ক্রমে অবস্থা বুঝে আবেদন করা জাহাজগুলোকেও অনুমতি দেওয়া হবে।

কর্ণফুলী এক্সপ্রেসের মালিক হোসাইন আহমেদ বাহাদুর বলেন, কক্সবাজার থেকে জাহাজ চলাচলের অনুমতি পেয়েছি। আমাদের জাহাজের প্রায় টিকিট বুকিং হয়ে গেছে। কাল যদি সবকিছু ঠিকঠাক থাকে ভোর ৫টার দিকে আমরা পর্যটক নিয়ে কক্সবাজার থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দিব।

উল্লেখ্য, সাধারণত অক্টোবর মাসের শুরু থেকে এই নৌ-পথে জাহাজ চলাচল শুরু হয়। পর্যটকরা এপ্রিল-মে মাস পর্যন্ত ভ্রমণে যেতে পারেন। পরে বর্ষা মৌসুমে সমুদ্র উত্তাল হয়ে উঠলে নিরাপত্তা বিবেচনায় এই পথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়।

তবে এবার মিয়ানমার সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতি এবং নাফ নদীতে ডুবোচর দেখা দেওয়ায় টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *