এবার ‘প্রেমিক’ হয়ে আসছেন শাকিব খান

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের ভক্ত দেশজুড়ে। শহর থেকে বন্দর, সদর থেকে গ্রাম সবখানেই তার পরিচিতি। শুধু দেশ নয়, দেশের বাইরেও অসংখ্য বাঙালি তার সিনেমার ভক্ত। তাদের জন্যই একটি সুখবর দিলেন শাকিব। নতুন সিনেমার কাজ শুরু করছেন তিনি।

মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর ১২টা ৪৫ মিনিটে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে একটি ছবি পোস্ট করেন শাকিব খান। সেখানে তার সঙ্গে নির্মাতা রায়হান রাফীকেও দেখা যাচ্ছে।

যদিও শাকিব ক্যাপশনেই উল্লেখ করে দিয়েছেন সিনেমাটি নির্মাণ করবেন ‘পরাণ’ খ্যাত এই নির্মাতা। তবে সিনেমাটির নাম জানা যায়নি গতকাল।

অবশেষে আজ বুধবার সিনেমার নাম জানিয়েছেন পরিচালক নিজেই। পরিচালক তার ফেসবুকে সিনেমার নাম জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘প্রেমিক- একটি রায়হান রাফি চলচ্চিত্র’।

সিনেমার শুটিং ডিসেম্বরে শুরু হবে জানিয়েছেন রাফি। তবে এখনও চমক হিসেবে আছে সিনেমায় শাকিবের নায়িকার পরিচয়। সেটি এখনও জানানো হয়নি।

গুঞ্জন ওঠে, সিনেমায় শাকিবের বীপরিতে অভিনয় করবেন তানজিন তিশা। তবে তিশা মঙ্গলবার রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘আমি যদি সিনেমা করি সেটা তো সুখবর! আর আমি যদি কখনও সিনেমা করি তা সবাইকে জানিয়ে করব। আশা করি কেউ গুজব ছড়াবেন না বা মিথ্যা নিউজ করবেন না।’

কে হবেন শাকিব খানের নায়িকা? এ প্রশ্নের উত্তরে রাফি বলেছিলেন, ‘নায়িকা নিয়ে এটুকু বলতে পারি, তিনি আমার সঙ্গে বা শাকিব ভাইয়ের সঙ্গে এর আগে কাজ করেননি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *