বাংলাদেশে কখনো সিঁদুর খেলিনি, কলকাতায় প্রথম খেললাম: অপু বিশ্বাস

‘হ্যাপি ফ্যামিলি’র ছবি পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছিলেন। কেননা আব্রাম খান জয়ের জন্মদিনে তোলা ছবি বাবার প্রশ্ন তৈরি করেছিল। শাকিব-অপু এক হচ্ছেন এমন গুঞ্জনও ওঠে। এর পরে দেশের চলচ্চিত্রপাড়ায় শাকিব, বুবলীকে নিয়ে ঘটে গেছে অনেক ঘটনা।

শাকিব খান ও বুবলীর ছেলে শেহজাদ খান বীরের খবর প্রকাশ পেয়েছে। প্রকাশ পেয়েছে ছবি। বুবলী জানিয়েছেন বিয়ের খবর। চার বছর আগেই বিয়ে হয়েছিল শাকিবের সঙ্গে। এসব বিষয় নিয়েও অপুর কোনো প্রতিক্রিয়া নেই। কোথায় অপু বিশ্বাস?

জানা গেছে, কলকাতায় দুর্গাপূজা পালন করতে গেছেন অপু বিশ্বাস। আজ বুধবার বিজয়া দশমীর দিন সকালের দিকে পশ্চিমবঙ্গের মধ্য কলকাতার কাঁকুড়গাছি যুবকবৃন্দে পুজো মন্ডপে সিঁদুর খেলেন তিনি। সাথে ছিলেন তৃতীয় লিঙ্গের মুখ অধ্যাপিকা মানবী বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার অস্ত্রশিল্পীসহ ক্লাবের মহিলারা।

এ সময় অপু বিশ্বাস যেমন অন্যের গালে মুখে সিঁদুর মাখিয়ে দেন ঠিক তেমনিভাবে অন্যরাও তাকে সিঁদুর মাখিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। মিষ্টিমুখও করেন তারা।

পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অপু বলেন ‘এটা আমার কাছে মনে হয় আমার পাশের দেশ, আমার বন্ধু দেশ তাই আলাদা করে মনে হয় না অন্য কোথাও এসেছি। আর সিঁদুর খেলা আসলেই একটা অন্যরকম অনুভূতি। ছোটবেলায় দেখেছি মায়েরা সিঁদুর খেলতো সিঁদুর নিচে পড়ে গেলে আমরা তুলে মুখে মাখতাম, আমাদের কেউ দিত না। আজকে নিজেই সিঁদুর খেলছি, খুব ভালো লাগছে।’

তিনি আরও বলেন ‘বাংলাদেশে আমার সেভাবে কখনো সিঁদুর খেলা হয়নি। এই প্রথমবার আমি নিজে সিঁদুর খেললাম। আগে মায়েরা খেলেছিল তখন মায়ের সাথে যোগ দিয়েছিলাম।’

কলকাতায় এবারই অপু বিশ্বাসের প্রথম সিঁদুর খেলা। অপু বলেন ‘বাংলাদেশে আমার সেই ভাবে সিঁদুর খেলা হয় না কারণ বাংলাদেশে আমার শুটিং থাকে, হয়তো বা যেখানে যাব সেখানে সেই পরিস্থিতি হয়ে উঠে না। এটা ভীষণ ভালো লাগছে যে উদ্দেশ্য নিয়ে কলকাতায় আসা, পূজোটা পরিপূর্ণভাবে দেখব উপভোগ করব সেটাই হচ্ছে।’

অপু বিশ্বাস জানালেন, ‘মাসির বাড়িতে আছি। কলকাতায় অনেক আত্মীয়স্বজন। কাজের ব্যস্ততায় সবার সঙ্গে যোগাযোগ করা হয়ে ওঠে না। তাই এই সময় সুন্দর কাটছে।

অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে ঢাকায় ফিরবেন অপু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *