বাংলা গানের যুবরাজ আসিফ আকবরের ছেলে শাফকাত আসিফ রণ বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। কনে ইসমত শেহরীন ঈশিতা।
সোমবার (৩ অক্টোবর) রাতে রাজধানী অফিসার ক্লাবে তাদের বিবাহ অনুষ্ঠিত হয়। সেখানে দুই পরিবারের লোকজন ছাড়াও শোবিজের অনেক তারকা হাজির হয়েছিলেন।
মঙ্গলবার (৪ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আসিফ একটি ছবি প্রকাশ করে লেখেন, ‘১৯৬০ সালের অক্টোবর মাসের তিন তারিখ আমাদের প্রয়াত আব্বা আম্মার বিয়ে হয়েছিল। আজ এই পরিবারের বড় সন্তান শাফকাত রণ’র বিয়ে সম্পন্ন হয়েছে ঠিক বাষট্টি বছর পর।
বেগম সালমা আসিফ এই বিষয়টি মাথায় রেখেছেন। এটা অসাধারন একটা ভাবনা…ধন্যবাদ বেগম, তোমাকে ধন্যবাদ…
ছবিতে আমরা সাত ভাইবোন। সঙ্গে আমাদের পরিবারের পরবর্তী জেনারেশনের আইকন রণ আর ঈশিতা …
সবাই ভাল থাকুন সুস্থ্য থাকুন সুন্দর থাকুন। ভালবাসা অবিরাম…’
এর আগে রোববার (২ অক্টোবর) রাতে রাজধানীর মগবাজারে ঘরোয়াভাবে শাফকাত আসিফ রণ ও পাত্রী ইসমত শেহরীন ঈশিতার মেহেদি অনুষ্ঠান সম্পন্ন হয়।
গত ২৪ সেপ্টেম্বর রণ-ঈশিতার বাগদান সম্পন্ন হয়। ছেলের বাগদানের খবর জানিয়ে গায়ক নিজেই তার ফেসবুকে পোস্ট দিয়েছিলেন। সে সময় আসিফ জানিয়েছিলেন অক্টোবরেই বিয়ে।
